আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় বিমান বাহিনী প্রথমবারের মতো স্বীকার করেছে যে, ফেব্রুয়ারিতে কাশ্মীরে পাকিস্তানের সাথে আকাশযুদ্ধের সময় তারা তাদের নিজেদের একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। এতে হেলিকপ্টারের ছয় আরোহী নিহত হয়। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার ভাদুরিয়া শুক্রবার এই তথ্য জানিয়ে বলেন, একটি তদন্ত সম্পন্ন হয়েছে, আমরাই ভুল করে আমাদের হেলিকপ্টারে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছি।

ওই দিন কয়টি বিমান ভূপাতিত হয়েছিল তা নিয়ে এখনো বিভ্রান্তি রয়ে গেছে। পাকিস্তান বলছে, তারা দুটি ভারতীয় জঙ্গি বিমান ভূপাতিত করেছে। আর ভারত একটি বিমান হারানোর কথা স্বীকার করেছে। তবে ভারত দাবি করছে যে তারা একটি পাকিস্তানি এফ-১৬ বিমান গুলি করে ভূপাতিত করেছে। ভাদুরিয়া শুক্রবারও ওই দাবির পুনরাবৃত্তি করেন। কিন্তু পাকিস্তান তা অস্বীকার করেছে।
কাশ্মীর ১৯৪৭ সাল থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়ে রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার যুদ্ধ হয়েছে। উভয় দেশই পুরো কাশ্মীর নিজেদের বলে দাবি করে। আবার চীনও এই অঞ্চলের একটি অংশ তার বলে দাবি করে আসছে। গত ৫ আগস্ট ভারত তার নিয়ন্ত্রিত কাশ্মীর এলাকার স্বায়ত্তশাসন বাতিল করে দিলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। সূত্র: সাউথ এশিয়ান মনিটর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


