নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেন (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ।

আজ শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের তথ্যমতে, তিনি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত কর্তৃক দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
খিলক্ষেত থানা সূত্রে জানা গেছে, আক্তার হোসেনের বিরুদ্ধে ২০১৯ সালের আগস্ট মাসে থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছিল (মামলা নং ১২(৮) ২০১৯)। মামলায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় অভিযোগ আনা হয়েছিল। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পলাতক ছিলেন। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুর্মিটোলা স্কুলসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই খিলক্ষেত ও এর পার্শ্ববর্তী নিকুঞ্জ টানপাড়া আবাসিক এলাকায় মাদকের বিস্তার নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। স্কুলপড়ুয়া শিক্ষার্থীসহ স্থানীয় তরুণ প্রজন্মকে কেন্দ্র করে মাদক কারবারিদের এই চক্রটি সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, সাজাপ্রাপ্ত আসামি আক্তার হোসেন এলাকায় ফিরে পুনরায় মাদক কারবারে জড়িত হওয়ার চেষ্টা করছেন।
আজ সকালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এলাকার মাদকের বর্তমান পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।’
আরও পড়ুনঃ সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস
ওসি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। খিলক্ষেত ও নিকুঞ্জ এলাকাকে মাদকমুক্ত রাখতে এবং পলাতক সব অপরাধীকে আইনের আওতায় আনতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
আজ দুপুরে গ্রেফতারকৃত আক্তার হোসেনকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



