Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গাজীপুর জেলায় শিক্ষা উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে উচ্চ বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবদুল হান্নান সজল। মাধ্যমিক জেলা মনোনয়ন বোর্ড, গাজীপুর তার নাম চূড়ান্ত করে এই সম্মাননার জন্য মনোনীত করে।

Mojibur-Rahman

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে জেলা শিক্ষা অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। অফিস জানায়, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন শিক্ষা স্তর ও ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হলে যাচাই-বাছাই শেষে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে আবদুল হান্নান সজলের নাম নির্বাচন করা হয়।

১৯৯৫ সালে হাজী ছোট কলিম স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান, শৃঙ্খলা ও ফলাফলে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বর্তমানে শ্রীপুর উপজেলাসহ পুরো গাজীপুর জেলায় প্রতিষ্ঠানটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। নিয়মিত পাঠদানের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করায় ভালো ফলাফল অর্জনে প্রতিষ্ঠানটি ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। বর্তমানে উপজেলায় সর্বাধিক শিক্ষার্থী অধ্যয়নরত প্রতিষ্ঠানের তালিকায় এটি শীর্ষে রয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই শৃঙ্খলা, ফলাফল ও সার্বিক ব্যবস্থাপনায় হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এর আগেও আবদুল হান্নান সজল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

তিনি শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাওনা উত্তর পাড়া গ্রামের বাসিন্দা। তিনি মরহুম আলহাজ্ব আবদুল হামিদ মাস্টারের সন্তান, যিনি মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন সুনামধন্য প্রধান শিক্ষক ছিলেন। বাবার আদর্শ ও শিক্ষাদর্শন থেকে অনুপ্রাণিত হয়ে তিনি শিক্ষকতা পেশায় নিজেকে নিবেদিত করেন। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন।

এদিকে জেলা পর্যায়ে অন্যান্য ক্যাটাগরিতেও একাধিক শিক্ষক ও প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন লে. কর্নেল মো. মহিবুল আকবার মজুমদার (গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ), মাদ্রাসা পর্যায়ে মুহা. হারুনূর রশীদ মোল্লা (কামড়া মাশক ফাজিল মাদ্রাসা) এবং কারিগরি পর্যায়ে একেএম মোখলেছুর রহমান (শ্রীপুর কারিগরি কলেজ)।

প্রতিষ্ঠান ক্যাটাগরিতে স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজ পর্যায়ে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ এবং মাদ্রাসা পর্যায়ে পাবুরিয়ারচালা ইসলামিয়া আলিম মাদ্রাসা।

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে স্কুল পর্যায়ে নাছরীন আনজুমান রূনী (রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়), কলেজ পর্যায়ে হাবিবুর রহমান (আবদুল আওয়াল ডিগ্রি কলেজ) এবং মাদ্রাসা পর্যায়ে জালাল উদ্দীন (শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন।
শিক্ষার্থী ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ফারহানা আক্তার নাদিয়া (কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়), সৌমিত্র সিনহা (গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ) এবং ফুয়াদ আহমেদ (শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা)।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, “যোগ্যতা, কর্মদক্ষতা ও শিক্ষা উন্নয়নে দৃশ্যমান অবদানের ভিত্তিতেই মনোনয়ন বোর্ড এসব নির্বাচন সম্পন্ন করেছে।”

এই সম্মাননায় নির্বাচিতদের সাফল্যে শিক্ষা সংশ্লিষ্ট মহল, অভিভাবক ও স্থানীয় সুধীজনরা সন্তোষ প্রকাশ করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google