সোয়াদ সাদমান : জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বীর সেনানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের কৃতি শিক্ষার্থী শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট। বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্যোগ নেন চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।

শহীদ হৃদয় চন্দ্র তরুয়া শাহজালাল হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। জুলাই আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করে তিনি আন্দোলনকে বেগবান করেন। তাঁর স্মৃতিকে সম্মান জানাতে আয়োজিত এ টুর্নামেন্টে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ১২টি দল অংশগ্রহণ করে।
২১ জুলাই (রবিবার) দুপুরে শাহজালাল হল মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় অ্যাকাউন্টিং বিভাগ এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে পেনাল্টি শুটআউটে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগকে হারিয়ে শিরোপা জিতে নেয় অ্যাকাউন্টিং বিভাগ।
ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সালেহ জহুর, শাহজালাল হলের প্রভোস্ট ড. মুহাম্মদ খালেদ আফজাল, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জহুরুল আলম এবং চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ সালেহ জহুর বলেন, ‘হৃদয় চন্দ্র তরুয়া এই হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তাঁর নামে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন হলে জুলাই আন্দোলনে তাঁর বীরত্ব আমাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে। সমৃদ্ধ জাতি গড়ার লক্ষ্যে মানসম্মত পড়ালেখার পাশাপাশি খেলাধুলার গুরুত্বও অপরিসীম।’
চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘শহীদ হৃদয় চন্দ্র তরুয়া শাহজালাল হলের শিক্ষার্থী ছিলেন। তাঁকে স্মরণ করতেই আজকের এই আয়োজন। রক্তাক্ত জুলাইয়ে তাঁর বীরত্ব চিরকাল অমর হয়ে থাকবে।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ সময় উপস্থিত অন্যান্য অতিথিরাও শাহজালাল হল মাঠের সংস্কার ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



