বিগত ১৭ বছরে বিভিন্ন বাহিনীর ক্ষতিগ্রস্ত কাঠামো সংস্কার করে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম।
গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন। পরে সচিব মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ড, বর্তমান অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে শামসুল ইসলাম বলেন, সরকার একটি জনমুখী ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তুলতে কাজ করছে, যা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। বাহিনীর হারানো গৌরব পুনরুদ্ধারে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে এবং সম্মিলিতভাবে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
প্রতিরক্ষা উপদেষ্টা আরও বলেন, অতীতে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের মাধ্যমে একটি শক্তিশালী ও সতর্ক সশস্ত্র বাহিনী গড়ে তোলা হবে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তিনি আশা প্রকাশ করেন, সংস্কারের ইতিবাচক ফল শিগগিরই দৃশ্যমান হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


