
জুমবাংলা ডেস্ক : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান দেশ ছেড়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় একটি ফ্লাইটে উঠেছেন তিনি। ওই ফ্লাইটটি দুবাই হয়ে কানাডার টরেন্টো যাবে। এর আগে রাত ৯টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করে।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ রজনীগন্ধায় ডা. মুরাদ হাসানকে দেখতে পাওয়া ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘উনি এয়ারপোর্টে আশার পর পরই আমরা তাকে অনুসরণ করি। এরপর বিভিন্ন সংস্থাকে বিষয়টি জানাই। বিশেষ করে উনার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা রয়েছে কি না- তা যাচাইবাছাই করা হয়। যদিও তাৎক্ষানিভাবে এ ধরনের কিছু পাওয়া যায়নি।’
ওই কর্মকর্তা আরো বলেন, ‘ভিআইপি লাউঞ্জে ঢোকার পর উনাকে কিছুটা আলাদা মনে হয়েছে। কারো সঙ্গে তেমন কথা বলেননি।’
মুরাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হলেও তার দেশত্যাগে কোনো বাধা নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, মুরাদ হাসান বিদেশে যেতে চাইলে সরকার বাধা দেবে না। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুরাদ হাসান বিদেশে যাবেন কি না- সেটা তার সিদ্ধান্ত। এখানে আমাদের কিছু করার নাই। তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তিনি যেকোনো দেশে যেতে পারেন।
অতি সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করে সমালোচনায় পড়েন মুরাদ হাসান। এরপর চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার অশালীন আচরণের একটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীদের নিয়ে মুরাদের অশালীন বক্তব্যের অডিও ছড়িয়ে পড়ে। এরপর ব্যাপক সমালোচনা শুরু হয় তাকে নিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


