জুমবাংলা ডেস্ক: নাটোর জেলায় আগামীকাল থেকে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। জেলা প্রশাসক শামীম আহমেদ আজ শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান।

জেলায় ২৯জন টিসিবি’র ডিলারের মাধ্যমে ইতোমধ্যে ৩৬৪.৮ টন করে চিনি, মসুরের ডাল ও সয়াবিন তেল এবং ১৮২.৪ টন ছোলার প্যাকিং কার্যক্রম এবং উপকারভোগীর তালিকা প্রণয়ন কার্যক্রম সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে চলমান রয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ১৫ সদস্যের কমিটি উপকারভোগীর তালিকা প্রণয়ন কাজ প্রায় শেষ করেছে।
প্রেস কনফারেন্সে এই কার্যক্রমের ফোকাল পয়েন্ট নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার জানান, কার্যক্রম সুষ্ঠুভাবে সমাধা করতে প্রত্যেক উপজেলায় জনপ্রতিনিধিবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের ট্যাগ টিম কাজ করছে।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বর্তমান সরকার দ্রব্যমূল্য পরিস্থিতি বিবেচনা করে সাধারণ মানুষের কল্যাণে এ কার্যক্রম চালু করতে যাচ্ছে। সরকারের প্রদত্ত এ সুফল উপকারভোগী পরিবারে পৌঁছে দিতে প্রশাসন বদ্ধপরিকর। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



