খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙিনায় থাকা শুকনো নারকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বলিটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বপ্না সাহা মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী ননী সাহার স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির উঠানে আম শুকানোর জন্য যান গৃহিণী স্বপ্না সাহা। এ সময় আকস্মিকভাবে বাড়ির উঠানে থাকা একটি নারকেল গাছ ভেঙে তার শরীরের ওপর পড়ে। ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা এবং সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি স্বপন কান্তি পালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিল্টন ত্রিপুরা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহেদ উদ্দিন বলেন, নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যুর বিষয়টি জানা গেছে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



