ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণের পর শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতজগতে। একই সঙ্গে নতুন করে আলোচনায় উঠে এসেছে তাঁর বর্ণাঢ্য জীবনের সম্ভাব্য বায়োপিক।

গত কয়েক বছরে বলিউডে জীবনীভিত্তিক সিনেমার প্রবণতা বেড়েছে। সেই ধারাবাহিকতায় আশা ভোঁসলের জীবন নিয়েও ছবি তৈরির জল্পনা আবারও জোরালো হয়েছে। আট দশকের ক্যারিয়ার, হাজার হাজার গান, ব্যক্তিগত জীবনের নানা সংগ্রাম—সব মিলিয়ে তাঁর জীবন যেন এক জীবন্ত গল্প।
এই প্রসঙ্গেই একসময় নিজের বায়োপিক নিয়ে মত প্রকাশ করেছিলেন আশা ভোঁসলে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তার চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে উপযুক্ত মনে করেন প্রিয়াঙ্কা চোপড়াকে। পাশাপাশি কঙ্গনা রনৌতের নামও উল্লেখ করেন তিনি।
সেই সময় আশার বলেন, ‘পর্দায় আমার চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস দারুণ মানাবে। কঙ্গনা রনৌতও অত্যন্ত দক্ষ অভিনেত্রী। তিনিও এই চরিত্রের জন্য ভালো পছন্দ হতে পারেন।’

মাত্র অল্প বয়সেই সঙ্গীতজগতে পথচলা শুরু করেছিলেন আশা ভোঁসলে। পিতার মৃত্যুর পর সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে বোন লতা মঙ্গেশকারের সঙ্গে সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয় তাঁকে। শুরুতে দিদির সঙ্গে তুলনার মুখে পড়লেও খুব দ্রুত নিজের স্বতন্ত্র গায়কী দিয়ে আলাদা জায়গা করে নেন তিনি।
পপ, গজল, ক্যাবারে থেকে শুরু করে শাস্ত্রীয়—প্রায় সব ধারার গানেই সমান দক্ষতা দেখিয়েছেন এই কিংবদন্তি। ২০টিরও বেশি ভাষায় ১১ হাজারের বেশি গান গেয়ে গড়েছেন অনন্য রেকর্ড।
যদিও নিজের বায়োপিক তৈরি নিয়ে সন্দিহান ছিলেন আশা ভোঁসলে, তবুও তাঁর জীবন নিয়ে সিনেমা তৈরি হলে দর্শকদের আগ্রহ যে তুঙ্গে থাকবে—তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয়, ভবিষ্যতে যদি এই বায়োপিক বাস্তবায়িত হয়, তবে তার পছন্দের সেই দুই অভিনেত্রীর মধ্য থেকেই কি কেউ পর্দায় ফুটিয়ে তুলবেন এই কিংবদন্তির জীবনকথা। সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


