ভোটগ্রহণ

Advertisement

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার (২৯ এপ্রিল)। এদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোটকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ সীমান্তে আরোপ করা হয়েছে কড়াকড়ি।

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকেই ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো থেকে ভোটগ্রহণের ইভিএম মেশিন ও অন্যান্য সরঞ্জাম নিয়ে নিজ নিজ বুথে পৌঁছাতে শুরু করেন নির্বাচন কর্মীরা।

এর আগে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হয় প্রথম ধাপের ভোটগ্রহণ। দ্বিতীয় ধাপে রাজ্যের সাতটি জেলার ১৪২টি আসনে প্রায় ৩ কোটি ২১ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সহিংসতা এড়াতে মোতায়েন করা হয়েছে প্রায় ২ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

কমিশন সূত্র জানায়, প্রতিটি ভোটকেন্দ্র এবং স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এই ধাপে যেসব জেলায় ভোট হচ্ছে সেগুলো হলো—নদিয়া (১৭), উত্তর ২৪ পরগনা (৩৩), দক্ষিণ ২৪ পরগনা (৩১), কলকাতা (১১), হাওড়া (১৬), হুগলি (১৮) এবং পূর্ব বর্ধমান (১৬)।

বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি
বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, উত্তর ২৪ পরগনা থেকে বাংলাদেশ সীমান্তমুখী সড়কগুলোতে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সাধারণ মানুষ ও যানবাহনের চলাচল সীমিত রাখা হয়েছে।

২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে এই বিধিনিষেধ কার্যকর হয়েছে, যা ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। একই নিয়ম প্রযোজ্য হবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলের ক্ষেত্রেও।

বিভাগীয় ম্যাজিস্ট্রেট পিটিআইকে জানিয়েছেন, “উত্তর ২৪ পরগণা জেলার সীমান্তবর্তী এলাকায় ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ-ভারতের মধ্যে মানুষ ও যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।”

উল্লেখ্য, প্রথম ধাপের ভোটে প্রায় ৯২ শতাংশ ভোটার অংশ নেন। বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস-কে সরিয়ে সরকার গঠনের লক্ষ্যে মাঠে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্র: দ্য হিন্দু

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.