
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) বন্ধ মিলগুলো ফের চালু করে পাটপণ্য উৎপাদনে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বুধবার দুপুরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান সৌজন্য সাক্ষাতে এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত জানান, সৌদি আরব আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতিম দেশ। সেজন্য সৌদি আরব বাংলাদেশের বস্ত্র ও পাটখাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটাতে আগ্রহী।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের বন্ধু। সৌদি আরবের বস্ত্র ও পাটখাতে বিনিয়োগকে আমরা স্বাগত জানাই। তিনি আরও বলেন, বাংলাদেশে সেরামানের পাট চাষ হয়। পাট থেকে এখন উচ্চমানের পণ্য উৎপাদিত হচ্ছে। পাটপণ্য পরিবেশবান্ধব।
উল্লেখ্য, সৌদি আরবে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে পাটপণ্যের চাহিদা বেড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বহুমুখী পাটপণ্যের রপ্তানি হয়। এই পণ্যের রপ্তানি দেশের তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে সৌদি আরব।
সাক্ষাৎকালে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


