আন্তর্জাতিক ডেস্ক: ব্রাসেলসের ‘অবন্ধুসুলভ আচরণের’ জবাব দিতে ১৮ জন ইউরোপীয় কূটনীতিককে বহিষ্কার করবে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব ইউরোপীয় কূটনীতিককে শিগগিরই মস্কো ত্যাগ করতে হবে। খবর পার্সটুডে’র।

সম্প্রতি ইউক্রেনের বুচা শহর থেকে রুশ সেনারা চলে যাওয়ার পর সেখানে গণকবরের সন্ধান পাওয়ার দাবি করেছে কিয়েভ। এরপর থেকে গত কয়েকদিনে ইউরোপীয় ইউয়িন রাশিয়ার প্রায় ২০০ দূতাবাস কর্মীকে বহিষ্কার করেছে। রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার সম্পর্কের চরম অবনতি ঘটে।
এদিকে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছে, মস্কো ইউক্রেনে সমরাস্ত্র পাঠানোর ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে। দৈনিকটি জানিয়েছে, মস্কো ওয়াশিংটনকে বলেছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করলে ‘অনিশ্চিত পরিণতি’র মুখোমুখি হতে হবে। ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, রাশিয়া আমেরিকার কাছে এ ব্যাপারে লিখিত যে প্রতিবাদলিপি পাঠিয়েছে তার একটি কপি দৈনিকটির হস্তগত হয়েছে। এতে বলা হয়েছে, ইউক্রেনে সমরাস্ত্র প্রেরণ ও মোতায়েন করা হলে যুদ্ধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



