
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে ফেসবুকের মাধ্যমে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার ডিটল এলাকার ওই গৃহবধূর সঙ্গে পরিচয় হয় স্থানীয় থানায় কর্মরত ওই পুলিশকর্মীর। ঘনিষ্ঠতা বাড়ে। তারপর ওই পুলিশকর্মী মাঝে মধ্যেই অটোচালকের অনুপস্থিতিতে তার বাড়িতে যেতেন বলে স্থানীয় সূত্রে দাবি। এ দিন দুপুরেও অটোচালক বাড়িতে ছিলেন না। ওই পুলিশকর্মী মোটরবাইক নিয়ে তাদের বাড়ি যান। এলাকার মানুষ তার পরেই বাড়ি ঘিরে ফেলেছেন। তারা অটোচালক যুবককে খবর দেন। তিনি ফেরার পরে দরজা খোলার পরে ক্ষোভে ফেটে পড়ে জনতা।
সে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বংশীহারি থানার বিরাট পুলিশ বাহিনী। পুলিশ ওই যুগলকে নিয়ে যেতে চাইলে ক্ষুব্ধ গ্রামবাসীরা পুলিশের গাড়ি আটকে দেয়। এর পরই গৃহবধূর স্বামী নিজে দাঁড়িয়ে থেকে নিজের স্ত্রীর সঙ্গে প্রেমিকের ‘বিয়ে’ দেন। পুলিশের গাড়িতেই ‘বিয়ে’ হয় প্রেমিক যুগলের। প্রথমে রাজি না থাকলেও পরে গৃহবধূকে শাখা সিঁদুর পরিয়ে দেন প্রেমিক পুলিশ।
এরপর দুজনকে থানায় নিয়ে যায় পুলিশ। গৃহবধূর দুই ছেলে রয়েছে। তার স্বামী জানান, স্ত্রীর পায়ে ব্যথা। তাই ওষুধ দিয়ে অটো নিয়ে বেরিয়েছিলেন। হঠাৎ তার দাদা ফোন করে তাকে বাড়িতে আসতে বলেন। কারো কিছু হয়েছে ভেবে তড়িঘড়ি বাড়ি আসেন তিনি। এসে দেখেন ঘরে তালা। পরিবারের লোকের কাছে জানতে পারেন, তার অবর্তমানে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন ওই পুলিশকর্মী।
এলাকার বাসিন্দা দীপন চক্রবর্তী বলেন, এলাকারই এক বধূর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বংশীহারি থানার এক পুলিশকর্মীর। এলাকার লোক তাতে রেগে গিয়েছিলেন।
স্থানীয় মহকুমা পুলিশ অফিসার বিপুল বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



