আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে এক হামলায় দেশটির সাবেক সাত মুসলিম বিদ্রোহী নিহত হয়েছে। ইসলামিক স্টেট গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। শনিবার সামরিক ও পুলিশ কর্তৃপক্ষ একথা জানায়। নিহতরা সকলেই ফিলিপাইনের সাবেক বৃহত্তম গেরিলা গ্রুপ মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) সদস্য।

জিহাদিদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, আইএস এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। জিহাদিরা জানায়, হামলা চালিয়ে এমআইএলএফের আট সদস্যকে হত্যা করা হয়েছে। তবে স্থানীয় পুলিশ কমান্ডার লে: কর্নেল আর্নল্ড সান্তিয়াগো সাংবাদিকদের বলেন, কর্তৃপক্ষ কেবলমাত্র সাতজনের মৃত্যুর কথা জেনেছে।
এদিকে স্থানীয়রা জানায়, তারা ম্যানিলার প্রায় ৯০০ কিলোমিটার দক্ষিণে শারিফ সেদনায় নদীর তীরে রাখা একটি নৌকায় সাতটি লাশ দেখেছে। এমআইএলএফ মুখপাত্র বন আল হক এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এমআইএলএফ শান্তি চুক্তির ফলে কয়েক দশকের মুসলিম বিদ্রোহের অবসান ঘটে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে এ বিদ্রোহে প্রায় দেড় লাখ লোক প্রাণ হারিয়েছে। মিন্দানাও হচ্ছে দেশটির মুসলিম অধ্যুষিত একটি অঞ্চল। খবর এএফপি’র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


