Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসনের ফলে সৃষ্ট চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ জার্মানিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে। ইসরায়েল বিরোধী প্রতিবাদ-বিক্ষোভ অনেক ক্ষেত্রে ইহুদি বিদ্বেষের রূপ নেয়ায় জার্মানিতে দুশ্চিন্তা বাড়ছে।
ইসরায়েল ও গাজায় অশান্ত পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্বের অনেক প্রান্তে মানুষ পথে নেমে ক্ষোভ দেখাচ্ছেন। অনেক বিক্ষোভে ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ দেখা যাচ্ছে। কিন্তু ঐতিহাসিক কারণে জার্মানিতে এমন বিক্ষোভ অত্যন্ত স্পর্শকাতর।

রাষ্ট্র হিসেবে ইসরায়েল এবং সে দেশের বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গণতান্ত্রিক অধিকারের মধ্যেই পড়ে। তবে সেই প্রতিবাদ সামগ্রিকভাবে ইহুদি বিদ্বেষে রূপ নিলে জার্মানির পুরানো ক্ষত আবার বেরিয়ে আসে। নাৎসি আমলের ইহুদি নিধন যজ্ঞের কলঙ্কের প্রেক্ষাপটে রাষ্ট্রকে কড়া অবস্থান নিতে হয়।

ইসরায়েল-বিরোধী প্রতিবাদ-বিক্ষোভের জের ধরে জার্মানিতে ইহুদি উপাসনালয় ও স্থাপনার উপর হামলার ঘটনা বাড়ছে। অদূর ভবিষ্যতে এমন আরও অপ্রিয় ঘটনার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

জার্মানিতে বসবাসরত ফিলিস্তিনিদের একাংশ ছাড়াও চরম বামপন্থি এবং চরম দক্ষিণপন্থিরা এমন বেপরোয়া অপরাধের ঘটনায় জড়িয়ে পড়তে পারে।

বুধবার তিনটি শহরে ১২ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। জার্মানি ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বর্ষপূর্তি হিসেবে বুধবার অনেক শহরে ইসরায়েলি পতাকা শোভা পাচ্ছিল। সেই পতাকা নষ্ট করার বেশ কয়েকটি ঘটনাও ঘটেছে।

জার্মানির কেন্দ্রীয় ইহুদি সংগঠন বৃহস্পতিবার সিনাগগের সামনে প্রতিবাদ-বিক্ষোভ ও হামলার ঘটনার তীব্র সমালোচনা করেছে। পশ্চিমে গেলজেনকিয়ের্শেন শহরে সিনাগগের সামনে ফিলিস্তিনি ও তুর্কি পতাকা নিয়ে অনেক মানুষকে ইহুদি-বিদ্বেষী বুলি আওড়াতে শোনা গেছে। সেই ভিডিও প্রকাশ করে কেন্দ্রীয় ইহুদি সংগঠন মনে করিয়ে দিয়েছে, রাজপথের মাঝে ইহুদিদের বিরুদ্ধে বিষাদগার অনেককাল আগেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল। এমন মনোভাবকে ইহুদি-বিদ্বেষ ছাড়া অন্য কিছুই বলা যায় না বলে মন্তব্য করেছে ইহুদি সংগঠন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস জার্মানিতে সিনিগগের উপর হামলার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা আপোশহীন মনোভাবের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। মধ্যপ্রাচ্যের ঘটনাবলির জন্য রাজপথ ও সোশাল মিডিয়ায় জার্মানিতে বসবাসরত ইহুদিদের দায়ী করা একেবারেই গ্রহণযোগ্য নয়। সবাই মিলে সেটা স্পষ্ট করে দিতে হবে, বলেন মাস।

জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ারও কড়া ভাষায় ইহুদি-বিদ্বেষের সমালোচনা করেছেন। বৃহস্পতিবার থেকেই জার্মানির সিনাগগগুলির নিরাপত্তা আরো কড়া করা হয়েছে।

সূত্র: ডয়চে ভেলে, রয়টার্স

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.