
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের বহদ্দারহাটে এম এ মান্নান ফ্লাইওভারের র্যাম্পের একটি পিলারে ফাটল দেখা দিয়েছে। কালুরঘাট সড়কমুখী র্যাম্পের পিলারে এ ফাটল দেখা দেয়। এরপরই দুর্ঘটনা এড়াতে সোমবার রাত সাড়ে ১০টা থেকে ফ্লাইওভারের এ অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে ফ্লাইওভারের পিলারের ফাটল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি এসময় বলেন, নির্মাণ ত্রুটির কারণে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে এমএ মান্নান ফ্লাইওভারের দুটি পিলারে ফাটল দেখা দিয়েছে। চসিক মেয়র বলেন, পিলারে ফাটলের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সিডিএকে চিঠি দেয়া হবে।
মেয়র গণমাধ্যমকে বলেন, আমিতো প্রকৌশলী না। ফাটলের কারণ আমি বলতে পারব না। তবে সাধারণভাবে বলতে চাই, এটার নির্মাণে নিশ্চয় ত্রুটি আছে। যার ফলে এ ফাটল দেখা দিয়েছে। তিনি বলেন, এখানে প্রকৌশল দৃষ্টিকোণ থেকে কি হয়েছে না হয়েছে এটা আমার থেকে আমাদের প্রকৌশলীরা ভালো বলতে পারবেন। এ বিষয়ে কি ব্যবস্থা নেয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমরা রোড বন্ধ করে দিয়েছি। যেহেতু এ কাজ আমরা করিনি, এটা নির্মাণ করেছে সিডিএ।
সেহেতু তড়িৎ ব্যবস্থা নিতে আজকে আমরা সিডিএকে চিঠি দিব। যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেভাবে ফাটল সৃষ্টি হয়েছে আমি নিজেও দেখে হতবাক হয়েছি। কারণ এ ফ্লাইওভারে আগেও একটা দুর্ঘটনা ঘটেছে। গার্ডার পড়ে অনেক লোক মারা গিয়েছিল। রেজাউল করিম বলেন, কি কারণে হয়েছে না হয়েছে তদন্তপূর্বক বের করা যাবে। সিডিএ ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের সহযোগিতা চাইলে আমরা পূর্ণ সহযোগিতা করব।
এর আগে সোমবার (২৫ অক্টোবর) চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের পিলারে ফাটল দেখা দিয়। ফ্লাইওভারের ওয়াই জংশনে কালুরঘাটের দিকে নামার র্যাম্পের অংশের দুটি পিলারে এ ফাটল দেখা দেওয়ার পর দুর্ঘটনা এড়াতে কালুরঘাটমুখী র্যাম্পে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


