ঢাকাসহ সারা দেশে ক্রমাগত বেড়েই চলেছে তাপমাত্রা। পাশাপাশি দেশের কোথাও কোথাও ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাতও হচ্ছে। এর ধারাবাহিকতায় সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টার পর থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বজ্রসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টা ১০ মিনিটে ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
পলাশের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে তাপপ্রবাহ অতিক্রম করতে পারে। এদিন সিলেট বিভাগের সব জেলায় বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার সকাল ৮টার মধ্যে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
ময়মনসিংহ বিভাগে সোমবার রাত ৮টার পর থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হতে পারে।
এ ছাড়া সোমবার রাত ৮টার পর থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে।
মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাজশাহীর মতো চট্টগ্রাম, খুলনা ও বরিশালেও একই বার্তা দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


