যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক সতর্কবার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং যেকোনো সময় পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। এ কারণে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
সতর্কবার্তায় বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের স্থানীয় পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়মিত অনুসরণ করতে এবং নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র দফতর আরও জানিয়েছে, সংঘাতের প্রভাবে বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল এবং আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ভ্রমণে বিঘ্ন সৃষ্টি হতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরেও কয়েকটি দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে এই সতর্কতা জারির কয়েক ঘণ্টা আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, শুক্রবার জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। এর ফলে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



