দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তথ্যমতে, আগামী সোমবার আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রায় সামান্য পরিবর্তন আসতে পারে বলেও জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে পরিস্থিতির পরিবর্তন শুরু হবে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বৃষ্টির আসল বিস্তৃতি ঘটবে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)। যখন ময়মনসিংহ ও সিলেট বিভাগেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ মঙ্গলবার দেশের প্রায় সবকটি প্রধান বিভাগেই বৃষ্টির ছোঁয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবারের (২৫ ফেব্রুয়ারি) আবহাওয়া বার্তায় বলা হয়, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টির প্রভাবে বুধবার থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা পুনরায় কিছুটা কমতে শুরু করবে।
আবহাওয়া অফিস জানায়, বর্তমানে বিষুবীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই লঘুচাপের প্রভাবেই উত্তরীয় বায়ুর সঙ্গে জলীয় বাষ্পের সংমিশ্রণে বজ্রবাহী মেঘের সৃষ্টি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


