
আন্তর্জাতিক ডেস্ক : মসজিদ ভাঙার একটি ভিডিও প্রকাশ করায় দুই সাংবাদিকসহ চারজনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছে পুলিশ। সমাজে অশান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য ওয়্যার’র বিরুদ্ধে এই এজাহার দায়ের করেছে ভারতের উত্তরপ্রদেশের বড়বাঙ্কি পুলিশ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
দ্য ওয়্যারের দুজন সাংবাদিক সিরাজ আলি এবং মুকুল এস চৌহান এবং মোহাম্মদ নাঈম এবং মোহাম্মদ আনিস নামে এই চারজনের বিরুদ্ধে ওই এজাহার দায়ের করা হয়। দ্য ওয়্যার বলছে, এই অভিযোগ ‘ভিত্তিহীন এবং ‘সাংবাদিকদের রিপোর্টিংকে অপরাধ হিসেবে’ প্রমাণের চেষ্টা করছে রাজ্যের বিজেপি সরকার।
গত মাসে বড়বাঙ্কি জেলার প্রশাসন রামসনেহি ঘাট তেহসিলে অবস্থিত একটি মসজিদ ভেঙে ফেলে। প্রশাসন জানায়, ওই মসজিদ অবৈধ। তবে উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড জেলা প্রশাসনের এই কাজ অবৈধ বলে ঘোষণা করে। এ ঘটনায় তারা এলাহাবাদ হাইকোর্টেও যায়। হাইকোর্টে এই বিষয়ে শুনানি চলমান রয়েছে।
বড়বাঙ্কি জেলার ম্যাজিস্ট্রেট আদর্শ সিং এক বিবৃতিতে জানান, গত ২৩ জুন অনলাইন নিউজ পোর্টাল দ্য ওয়্যার রামসনেহি ঘাট তেহসিল নিয়ে একটি ভিডিও ডকুমেন্টরি তাদের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করে। ওই ডকুমেন্টরিতে তারা মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য দেখায়। ভিডিওতে বেশ কিছু ভুল এবং ভিত্তিহীন বক্তব্য রয়েছে।
তিনি জানান, ভিডিওতে দাবি করা হয়েছে যে প্রশাসন ও পুলিশ ধর্মীয় স্থাপনার অংশ বিশেষ ড্রেন এবং নদীতে ছুঁড়ে ফেলে দেয়। এটা ভুল। এমন কিছুই ঘটেনি। এ ধরনের ভুল তথ্যের মাধ্যমে সমাজে শত্রুতা ছড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে দ্য ওয়্যার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


