Advertisement
জুমবাংলা ডেস্ক : উপজেলা পরিষদের মালি খোরশেদ আলমকে দিয়ে নিজের নামে পাওয়া আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছেন জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন। বর্তমানে মালিই এখন উপজেলা পরিষদ চেয়ারম্যানের গানম্যান। এ নিয়ে জেলা শহরজুড়ে শুরু হয়েছে তোলপাড়।

শনিবার (৮ মে) জামালপুর সিংহজানি খাদ্য গুদামে বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনে অনুষ্ঠানে অংশ নিতে স্বশস্ত্র অবস্থায় গুদামে আসেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল হোসেন।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে সরকারি খাদ্য গুদামে উপস্থিত হলে আবুল হোসেনের আগ্নেয়াস্ত্র প্রদর্শিত হয়। এসময় অস্ত্রটি বহন করছিলেন তার অফিসের মালি খোরশেদ আলম।

খোরশেদ আলম জানান, তিনি আসলে জামালপুর সদর উপজেলা পরিষদের মালি হিসেবে নিয়োগ পেয়েছেন। বর্তমানে চেয়ারম্যানের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন।

জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত। ওই মালি আমার দেহরক্ষী নয়। শর্টগানটি আমার গাড়িতে ছিল। সে গাড়ি থেকে হাতে নিয়ে নিয়েছিল। মালি একজন অশিক্ষিত, ফলে এই ঘটনাটি ঘটিয়ে ফেলেছিল।’

সেসময় জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুর পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু।

এ ব্যাপারে জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামানের বক্তব্য নেয়ার জন্য তার মুঠোফোনে চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। সূত্র : সময় সংবাদ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.