
গৃহকর্মী নিয়োগ সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নির্দেশনায় গৃহকর্মী নিয়োগকে সীমিত করে মাত্র ১০টি অনুমোদিত দেশের মধ্যে রাখা হয়েছে, পাশাপাশি ২৭টি দেশ থেকে গৃহকর্মী নিয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, গৃহকর্মী খাত নিয়ন্ত্রণ ও প্রশাসনিক তদারকি আরও শক্তিশালী করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ারসহ একাধিক সরকারি সংস্থার সুপারিশের ভিত্তিতে কার্যকর করা হয়েছে এ নির্দেশনা।
নতুন নিয়ম অনুযায়ী যেসব দেশ থেকে গৃহকর্মী নিয়োগ করা যাবে সেগুলো হলো— দক্ষিণ আফ্রিকা, বেনিন, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভারত, ভিয়েতনাম এবং নেপাল। এছাড়া সেনেগাল থেকে শুধুমাত্র পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সব নিয়োগ প্রক্রিয়া সংশ্লিষ্ট দেশের গভর্নরেটগুলোর মাধ্যমে সম্পন্ন করা হবে। বিজ্ঞপ্তিটি অভিবাসন বিষয়ক দপ্তর ও সেবা কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে এবং দুই দিন আগে হালনাগাদ হওয়ার পর এটি কার্যকর হয়েছে বলে জানানো হয়।
অন্যদিকে, ২৭টি দেশ থেকে গৃহকর্মী নিয়োগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ তালিকায় এশিয়ার মাদাগাস্কার ও দক্ষিণ এশিয়ার ভুটান রয়েছে। আফ্রিকার দেশগুলোর মধ্যে রয়েছে কেনিয়া, উগান্ডা, নাইজেরিয়া, টোগো, মালাউই, চাদ, জিবুতি, নাইজার, গিনি, গিনি-বিসাউ, কেপ ভার্দে, সিয়েরা লিওন, লাইবেরিয়া, মালি, বুরকিনা ফাসো, গাম্বিয়া, ক্যামেরুন, ইকুয়েটোরিয়াল গিনি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, রুয়ান্ডা, বুরুন্ডি এবং অ্যাঙ্গোলা।
কিছু দেশের ক্ষেত্রে কেবল নারী গৃহকর্মী নিয়োগে নিষেধাজ্ঞা থাকলেও পুরুষ কর্মী নিয়োগের অনুমতি রাখা হয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। কুয়েত সরকারের মতে, এই নতুন বিধিনিষেধ গৃহকর্মী নিয়োগ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করা, তদারকি জোরদার করা এবং পুরো খাতকে নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনার উদ্দেশ্যে নেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



