কলকাতার পাটুলি এলাকায় বুধবার (২৪ জুন) হাঁটতে বের হয়ে হেনস্থার শিকার হন অভিনেত্রী রুপালি ভট্টাচার্য। অভিযোগ নিয়ে পাটুলি থানার দ্বারস্থ হন তিনি।

ভারতীয় গণমাধ্যমকে রুপালি বলেন, গত চার বছর ধরে আমি পাটুলির বাসিন্দা। বরাবরই স্বাস্থ্য নিয়ে সচেতন।
তাই নিয়মিত হাঁটি। প্রতিদিনের মতো গত বুধবারেও হাঁটতে বের হয়েছিলাম।
আসলে সরকার বদলানোর পরে পাটুলিতে জনসমাগম কমতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের অফিসগুলো বন্ধ।
সেই জায়গাগুলো সব অন্ধকার এখন। নতুন সরকার আসার পরে তো এখনও সবটা থিতু হয়নি। অপরাধীরা সব সময়ে এগুলোরই সুযোগ নেয়।
পাড়ার মধ্যে হাঁটতে বেরিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হবে, ভাবেননি রুপালি। তিনি বলেন, হেঁটে আসার সময় অনুভব করলাম গা ঘেঁষে একটি ছেলে সাইকেল চালিয়ে চলে গেল। প্রথমে খুব একটা গুরুত্ব দিইনি। আর একটু এগিয়ে গেলাম। বুঝলাম, সেই ছেলেটিই আবার সাইকেল ঘুরিয়ে আসছে।
যোগ করে রুপালি বলেন, তারপর হঠাৎ বুকের ডান দিকটা খামচে ধরে! রিফ্লেক্সে আমি ডান হাত দিয়েই ধাক্কা দিই ছেলেটিকে। সেই ধাক্কায় ও পড়ে যায়নি। মাঝখান থেকে আমারই হাতটা কেটে যায় অনেকটা। এতটাই তুখোড় যে, সেই অবস্থায় না দাঁড়িয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল।
এরপরের ঘটনার বিষয়ে রুপালি বলেন, আমি সেই মুহূর্তে চিৎকার শুরু করি। সঙ্গে সঙ্গে আমি পাটুলি থানায় এফআইআর করি। পুলিশের পক্ষ থেকে সহযোগিতাও পেয়েছি। অভিযোগ শুনে তারা আমার সঙ্গে ঘটনাস্থলেও এসেছিলেন।
এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও সংযোগ আছে? এ নিয়ে অভিনেত্রীর দাবি, এই ঘটনার সঙ্গে তিনি কোনও রাজনৈতিক সংযোগ খুঁজে পাচ্ছেন না। তিনি বলেন, রাজনৈতিক পালাবদলের সুযোগ নিয়ে অপরাধীরা এমন ঘটনা ঘটাচ্ছে। কারণ, অপরাধীরা এমনই হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
কিন্তু এক দিনের ঘটনাতেই শেষ নয়। শুক্রবার (২৬ জুন) একই ধরনের হেনস্থার শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। কিন্তু এবার আর থানায় যাননি তিনি। অভিনেত্রী বললেন, কতবার পুলিশের দ্বারস্থ হব? কতবার একই ধরনের অভিযোগ করব? তবে রুপালির আশা, প্রশাসন কোনও না কোনও পদক্ষেপ নিবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



