
জুমবাংলা ডেস্ক : দেশের শতভাগ বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।
তিনি বলেছেন, প্রবীণদের কল্যাণে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। পর্যায়ক্রমে দেশের শতভাগ বয়ষ্ক নাগরিককে ভাতার আওতায় আনা হবে।
শনিবার (২ অক্টোবর) রাজধানীর সোবহানবাগস্থ ডেফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশের প্রবীণ জনগোষ্ঠীর উপর কোভিড-১৯ এর প্রভাব ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বক্তব্য রাখছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।
বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বিচারপতি মো. মমতাজ উদ্দীন আহমেদের (সাবেক বিচারপতি, আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট) সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেজর জেনারেল(অবঃ) জীবন কানাই দাস ও সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় আসার পর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন তা নিয়ে অনেক সমালোচনা হয়েছিলো। আজকে কোভিডকালীন সময়ে বোঝা গেছে ডিজিটাল বাংলাদেশ যদি করা না হতো তাহলে বাংলাদেশ আজকে স্তব্ধ হয়ে বসে থাকতো। আজ সমস্ত কাজকর্ম আমরা অনলাইনে চালাতে পারছি। করোনাকালীন সময়েও সরকারের সকল কাজকর্ম চলমান ছিলো।
প্রবীণদের জন্য সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের সরকারি শিশু পরিবারে প্রবীণদের জন্য সীমিতাকারে শান্তি নিবাসের ব্যবস্থা করা হয়েছে । দেশের ৮ টি বিভাগে ৮ টি সরকারি শিশু পরিবারে প্রবীণ নিবাস স্থাপনের কাজ চলমান রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, গত ২০২০-২১ অর্থবছরে ১১২টি উপজেলায় শতভাগ বয়ষ্ক নাগরিককে ভাতার আওতায় আনা হয়েছে। চলতি অর্থবছরে আরো ১৫০ টি উপজেলার শতভাগ বয়ষ্ককে ভাতার আওতায় আনা হবে। ভাতা কার্যক্রমের পাশাপাশি প্রবীণদের চিকিৎসায় সহায়তার জন্য দেশে ডায়াবেটিক হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল ও হার্ট ফাউন্ডেশন স্থাপনে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়ন করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


