Advertisement

জুমবাংলা ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বাংলা বিভাগের শিক্ষার্থী রাজীব সরকারের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। খবর ইউএনবি’র।

সোমবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন শাবি প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ।

বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন- ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. রিশাদ ঠাকুর, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মাহবুব আল-আমিন, বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. কাউসার আহমেদ সোহাগ, লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সুমন মিয়া, একই বিভাগের ২০১৬-১৭ এর সুজন চন্দ্র বৈষ্ণব, সিএসই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইফতেখার আহমেদ রানা, সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. আমিনুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ এর এস এম আব্দুল বারি সজিব ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ২০১২-১৩ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের মো. মোস্তাকিম আহমদ।

অফিস আদেশে বহিষ্কৃত ছাত্রদেরকে কেন বিধি মোতাবেক শাস্তি দেয়া হবে না এই মর্মে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর আগামী ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ মার্চ বিশ্ববিদ্যলয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকায় বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজিব সরকারের ওপর প্রতিপক্ষ শাখা ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেনের অনুসারীরা জিআই পাইপ, দেশীয় অস্ত্র, লাঠি নিয়ে হামলা চালায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.