জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং চলাকালে হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। গলার সমস্যার কারণে বর্তমানে তিনি কথা বলতে পারছেন না এবং চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।

জানা গেছে, শুটিং চলাকালে হঠাৎ গলায় তীব্র অস্বস্তি অনুভব করেন তিনি। একপর্যায়ে তার কণ্ঠস্বর আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে এবং তিনি ঠিকভাবে কথা বলতে অক্ষম হয়ে পড়েন। এরপর দ্রুত শুটিং বন্ধ করে তাকে হাসপাতালে নেওয়া হয়।
নির্মাতা অমি নিজেই মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অসুস্থতার বিষয়টি জানান। তিনি লেখেন, কয়েকদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছিলেন তিনি এবং ঠিকমতো বিশ্রাম না নিয়েই শুটিং চালিয়ে যাচ্ছিলেন।
তিনি আরও জানান, হঠাৎ শুটিংয়ের মধ্যেই গলায় অস্বাভাবিক অস্বস্তি শুরু হয় এবং কথা বলা বন্ধ হয়ে যায়। এ অবস্থায় বাধ্য হয়ে শুটিং বন্ধ করে হাসপাতালে যেতে হয়।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার গলায় একটি সিস্ট (cyst) পাওয়া গেছে। তাকে আগামী ৭ দিনের জন্য সম্পূর্ণ ‘ভয়েস রেস্ট’ অর্থাৎ একদমই কথা না বলার পরামর্শ দেওয়া হয়েছে। এই সময়ে অবস্থার উন্নতি না হলে সার্জারির প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
অমি আরও লিখেছেন, তিনি একজন কাজপাগল মানুষ এবং নিয়মিতভাবে দর্শকদের জন্য নতুন এপিসোড নির্মাণ করেন। তবে বর্তমান পরিস্থিতি তাকে মানসিকভাবে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। তিনি ভক্তদের কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন এবং দ্রুত সুস্থ হওয়ার আশা প্রকাশ করেছেন।
বর্তমানে তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে বিশ্রামে রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



