সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক দেশের জনগণকে ছেড়ে যাননি। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছেন। স্বাধীনতা যুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান আত্মগোপন করে পাকিস্থানিদের সঙ্গে চলে গিয়েছিলেন। এটাই হলো আওয়ামী লীগ। এ কারণে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে শেখ হাসিনার পরিবারের কোনো ভূমিকা নেই। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তাজউদ্দিন। কিন্তু আজ শেখ হাসিনার রোষানলে পড়ে তাজউদ্দিন পরিবারের কেউ টিকতে পারেনি। শেখ হাসিনার এই ১২ বছরে দেশে বিচার বহির্ভুত অসংখ্য হত্যা, খুন, গুম হয়েছে। তিনি দেশের একজন নারী প্রধানমন্ত্রী অথচ তার সময়ে দেশের অসংখ্য নারী নির্যাতনের শিকার হয়েছে। শেখ হাসিনা মূর্খের স্বর্গে বাসবাস করছেন, তিনি মিথ্যা ইতিহাস বলে বেড়াচ্ছেন। শেখ হাসিনা বিএনপিকে ভয় পায় বলেই সভা সমাবেশ সেমিনার বন্ধ করে দিয়েছে। শেখ হাসিনার সময় বিরোধী দল কাজ করতে পারবে এটা ভাবার কোন কারণ নেই। মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের মধ্য দিয়ে অবৈধ সরকারের পতন ঘটানোর শপথ নিতে হবে।
রবিবার (১৪ মার্চ) মানিকগঞ্জ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট জামিলুর রশিদ খানের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সামাদ আজাদ, শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান শান্ত, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, নুরতাজ আলম বাহার, মোতালেব হোসেন, তোজাম্মেল হক তোজা, আব্দুল হামিদ ডাবলু প্রমূখ।

দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মানিকগঞ্জের সাত উপজেলা ও দুইটি পৌরসভার ৪৫ জন কাউন্সিলরের উৎসবমূখর ভোটের মাধ্যমে জেলা বিএনপির আগামী ২ বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এস এ জিন্নাহ কবীর।
উল্লেখ্য, দীর্ঘ ৩২ বছর পর প্রতিক্ষিত মানিকগঞ্জ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। এর আগে সর্বশেষ ১৯৮৯ সালে দ্বি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল। সেসময় বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন সভাপতি ও মরহুম আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


