জুমবাংলা ডেস্ক : সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম (সোশ্যাল মিডিয়া) ব্যবহার নির্দেশিকা যথাযথ অনুসরণ করা হচ্ছে কিনা তা মনিটরিংয়ে কমিটি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল রবিবার এসংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. এনামুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) অনুসরণ করার জন্য বিধি-৪ শাখার পরিপত্র ২০২০ সালের ৭ মে জারি করা হয়। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন করছেন কি না তা পর্যালোচনা করতে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার যুগ্ম সচিব মো. আবুল হাছনাত হুমায়ুন কবীরকে কমিটির সভাপতি করা হয়েছে। এ ছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, এ এস এম মুস্তাফিজুর রহমান ও খালিদ মেহেদী হাসানকে। একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুস সালাম চৌধুরীকে কমিটিতে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি বিধি-৪ শাখার ২০২০ সালের ৭ মের পরিপত্র যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না তা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবে এবং কোনো কর্মকর্তা-কর্মচারী নির্দেশনা অমান্য করলে পর্যালোচনা করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


