সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারতের তামিলনাড়ু সরকার। মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের ঘোষিত এই কর্মসূচি রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলোর মধ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে চালু হতে যাওয়া এই প্রকল্পের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে জন্মগ্রহণকারী সব নবজাতককে স্বর্ণের আংটি দেওয়া হবে।
তামিল সংস্কৃতিতে ‘থাই মামান সির’ নামে একটি ঐতিহ্যবাহী প্রথা রয়েছে, যেখানে নবজাতক শিশুকে তার মামা আশীর্বাদস্বরূপ উপহার প্রদান করেন। সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে।
রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং পারিবারিক বন্ধনের প্রতীক হিসেবেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২২ জুন ২০২৬—মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব শিশু এই সুবিধার আওতায় আসবে। তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর, সাবেক মুখ্যমন্ত্রী সি. এন. আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে।
এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকারের মতে, এটি শুধু নবজাতকের পরিবারের জন্য সহায়তামূলক উদ্যোগই নয়, বরং তামিল ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধকে আরও সুসংহত করারও একটি প্রচেষ্টা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাঘাম’-এর নির্বাচনী অঙ্গীকারের অন্যতম ছিল এই প্রকল্প। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে দলটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



