Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে এক দম্পতির বিরুদ্ধে তাদের আড়াই মাসের কন্যা সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। ওই সদ্যোজাত শিশুর বাবা আর মা দুজনেই লকডাউনের কারণে কাজ হারিয়েছেন, রোজগার বন্ধ। এইরকম এক সময়ে সামান্য অর্থের বিনিময়ে এক নিঃসন্তান দম্পতির হাতে মেয়েকে তুলে দিয়েছিলেন শিশুটির বাবা-মা। পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করেছে।

পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটালের বাসিন্দা বাপন ধাড়ার স্ত্রী সওয়া দুমাস আগে কন্যা সন্তানের জন্ম দেন।

মি. ধাড়া মুম্বাই, হায়দ্রাবাদের মতো নানা শহরে ঘুরে শ্রমিকের কাজ করেন, আর তার স্ত্রী পরিচারিকার কাজ করতেন। কিন্তু লকডাউনের কারণে দুজনেরই সব রোজগার বন্ধ হয়ে গিয়েছিল।

এমন একটা সময়েই মেয়ের জন্ম হয়।

কদিন আগে হাওড়ার এক দম্পতির কাছে মেয়েকে বিক্রি করে দিয়েছে ধাড়া পরিবার, এমন খবর পেয়ে তার বাড়িতে গিয়েছিলেন জেলা চাইল্ড লাইনের কোঅর্ডিনেটর বিশ্বনাথ সামন্ত।

বিবিসি বাংলাকে তিনি বলছিলেন, “এরা সত্যিই খুব দরিদ্র। ঘরে কোথাও ত্রিপল টাঙ্গানো, কোথাও টালি লাগানো। আমরা যখন জানতে চাই যে কেন সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন, তখন ভদ্রলোক বলেন বিক্রি নয়, সন্তানকে লালন-পালন করার জন্য এক দম্পতিকে দিয়েছেন। আমরা চেপে ধরি, তাহলে টাকা নিলেন কেন? মাত্র আড়াই হাজার টাকার জন্য মেয়েকে বিক্রি করলেন?”

“জবাবে তিনি আবারও সেই কথাই বলতে থাকেন। তবে আমাদের কাছে স্পষ্ট যে তিনি টাকা নিয়েই মেয়েকে বিক্রি করেছিলেন। ওই শিশুকে হাওড়া জেলা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে,” জানাচ্ছিলেন জেলা চাইল্ড লাইনের কোঅর্ডিনেটর বিশ্বনাথ সামন্ত।

এক মেয়ে সহ শিশুটির মা নিখোঁজ। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা রুজু করেছে, আর শিশুটির বাবাকে জেরা করা হচ্ছে।

“পরিবারটি দরিদ্র ঠিকই। কিন্তু শিশুটি যদি পুত্র হত, তাহলে কিন্তু তিনি লালন পালন বলুন আর বিক্রি বলুন – সেটা করতেন না। আমাদের কাছে তিনি স্পষ্টই বলেছেন এটা। মেয়েকে বড় করা, বিয়ে দেওয়া এসব দায়িত্ব পালন করতে এখনও বহু পরিবার দুশ্চিন্তায় পড়ে। মাঝে মাঝে নিজেদেরই দোষী মনে হয় যে আমরাই বোধহয় সচেতন করতে পারি নি মানুষকে,” বলছিলেন বিশ্বনাথ সামন্ত। সূত্র : বিবিসি বাংলা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.