আন্তর্জাতিক প্রযোজকদের আকৃষ্ট করতে সিনেমা ও টিভি প্রযোজনায় বড় ঘোষণা দিল সৌদি আরব। এতদিন সংস্কৃতি খাতে ৪০ শতাংশ আর্থিক প্রণোদনা দিলেও এবার তা বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে বৈশ্বিক চলচ্চিত্র প্রণোদনার প্রতিযোগিতায় শীর্ষ সারিতে উঠে এলো দেশটি।
শুক্রবার (১৫ মে) কান চলচ্চিত্র উৎসবে সৌদি ফিল্ম কমিশন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। উৎসবের ‘মার্শে দু ফিল্ম’ সেশনে পরিকল্পনাটি তুলে ধরেন কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন নাসের আল-কাহতানি।
মার্কিন বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, শুধু প্রণোদনার হার বাড়ানোই নয়, অর্থ ছাড়ের প্রক্রিয়াও আরও সহজ করার পরিকল্পনা নিয়েছে সৌদি সরকার। পাশাপাশি নির্মাতাদের জন্য আর্থিক সহায়তা পর্যবেক্ষণ ও বিতরণ ব্যবস্থায় বাড়ানো হচ্ছে স্বচ্ছতা।
এ ছাড়া রাষ্ট্রীয় সহায়তাপ্রাপ্ত ‘কালচারাল ডেভেলপমেন্ট ফান্ড’-এর সঙ্গে যৌথভাবে নতুন অর্থায়ন প্যাকেজ চালুর কথাও জানিয়েছে সৌদি ফিল্ম কমিশন। ফলে দেশটিকে মধ্যপ্রাচ্যের নতুন প্রযোজনা হাব হিসেবে দেখছেন অনেকেই।
তবে ঘোষণায় এখনো নির্মাণ বাজেটের সীমা কিংবা বার্ষিক প্রণোদনার সর্বোচ্চ পরিমাণ প্রকাশ করা হয়নি। ফলে নতুন এই কার্যক্রম বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে আন্তর্জাতিক প্রযোজকদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
সৌদি আরব
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


