সাংবাদিকদের হেনস্তা ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সংস্থাটি এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে।

এতে বলা হয়, সংস্কার ও গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনভাবে মতামত প্রকাশ করায় এখন টিভি চার সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে এবং সাত দিনের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য করা হয়েছে। এমনকি নিরাপত্তা প্রহরীদেরকে তাদের ছবি দেখিয়ে এখন টিভির কার্যালয়ে প্রবেশাধিকার ঠেকানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।
‘কারণ দর্শানোর চিঠিতে ফেসবুক পোস্টের কথা উল্লেখ রয়েছে। নোটিশে লেখা রয়েছে, ‘পোস্ট মুছে ফেলুন, অন্যথায় টিভি এবং সাংবাদিকরা সমস্যায় পড়বেন।’ কিন্তু আমাদের প্রশ্ন, কর্মরত কোনো সাংবাদিকের মতপ্রকাশের স্বাধীনতার ওপর এখন টিভি কর্তৃপক্ষ কোনো সেন্সরশিপ আরোপ করতে পারে কি না?’
সুজন আরও জানায়, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলাসংক্রান্ত বিষয়গুলো স্বচ্ছ, লিখিত ও ন্যায্য পদ্ধতির মাধ্যমে পরিচালিত হওয়া দরকার। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার নামে ব্যক্তির মতপ্রকাশের অধিকার ক্ষুণ্ন করা সম্পূর্ণ অযৌক্তিক।
‘চব্বিশের গণ-অভ্যুত্থানোত্তর পরবর্তী প্রেক্ষাপটে এভাবে সাংবাদিকদের পেশাগত ঝুঁকি তৈরি করা এবং স্বাধীন মতপ্রকাশে হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনা স্পষ্টভাবেই ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা ও মুক্তগণমাধ্যম গড়ে তোলার চেতনার পরিপন্থি।’
বিবৃতিতে এখন টিভির মালিক এবং সম্পাদকদের অবিলম্বে উপরোক্ত পদক্ষেপের ভিত্তি ও নীতিমালা স্পষ্ট করার অনুরোধ জানানো হয়। একইসঙ্গে দ্রুত বিষয়টির যৌক্তিক সমাধান করে চারজন সাংবাদিককে সংবাদ কক্ষে প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ প্রত্যাশা করে সুশাসনের জন্য নাগরিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


