Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে বড় ধরণের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনর বিদ্রোহীগোষ্ঠী হাউছি। আল-মাসিরাহ টেলিভিশনে দেয়া এক ভাষণে হাউছিদের মুখপাত্র বলেছেন, সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রিয়াদে এই হামলা চালানো হয়েছে।

মঙ্গলবারের এই হামলার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য না দিয়ে আল-মাসিরাহ বলেছে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের গভীরে বড় ধরনের হামলা চালিয়েছে। তবে এই হামলায় কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইয়েমেনে এই গোষ্ঠীর সাথে পাঁচ বছর ধরে লড়াইরত সৌদি-নেতৃত্বাধীন সামরিক জোট বলেছে, মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, মঙ্গলবার ভোরের দিকে তিনি রাজধানী রিয়াদে দু’টি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এবং শহরের আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলি দেখেছেন।

করোনাভাইরাস মহামারীর কারণে হাউছি বিদ্রোহীদের সাথে সৌদি নেতৃত্বাধীন জোটের ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল; যার মেয়াদ শেষ হয় গত মাসে। এর পর থেকেই দুই পক্ষের সহিংসতার পরিমাণ আবারো বৃদ্ধি পেয়েছে। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর সৌদি আরবের বিভিন্ন শহর লক্ষ্য করে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে হাউছি। জবাবে ইয়েমেনে এই বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা পরিচালনা করেছে সৌদি জোট।

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বলেন, রিয়াদে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হাউছিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ধ্বংস করা হয়েছে।

সৌদি প্রেস অ্যাজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, মঙ্গলবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী নাজরান এবং জিজান প্রদেশে হাউছিদের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে জোট। সোমবারও এই বিদ্রোহীরা সৌদি আরবে বেশ কয়েকটি সশস্ত্র ড্রোন হামলা চালায়।

২০১৪ সালের শেষের দিকে ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দু রাব্বু মনসুর আল-হাদি হাউছি বিদ্রোহীদের হামলা ও আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে সৌদিতে পালিয়ে যান। পলাতক এই প্রেসিডেন্টকে ক্ষমতায় ফেরানোর লক্ষ্যে হাউছি বিদ্রোহীদের বিরুদ্ধে ২০১৫ সালের মার্চে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে সৌদি জোটের জড়িয়ে পড়াকে এই অঞ্চলে সৌদি-ইরান প্রক্সি যুদ্ধের অংশ হিসেবে দেখা হয়। সূত্র : রয়টার্স ও আলজাজিরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.