বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, যশ-খ্যাতি ও অর্থ—এই দুটি একসঙ্গে অর্জন করা যায় না। ব্যক্তিস্বার্থে কোনো বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা চলবে না। তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, রাজনীতি হতে হবে আদর্শনিষ্ঠ ও জনকল্যাণমুখী; ব্যক্তিগত লাভের চিন্তা দলীয় শৃঙ্খলা নষ্ট করে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় সোমবার (২ ফেব্রুয়ারি) নগরীর টঙ্গী বড় দেওড়ায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে হাসান উদ্দিন সরকার এসব কথা বলেন।
আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি এম মঞ্জুরুল করিম রনি এবং প্রধান আলোচক ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা। বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এম মঞ্জুরুল করিম রনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে আপসহীন অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জন করেছিলেন।
তিনি বলেন, জিয়া পরিবারের ত্যাগ ও অবদান দেশের গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা হয়ে থাকবে।
প্রধান আলোচকের বক্তব্যে মো. শওকত হোসেন সরকার নগর উন্নয়ন প্রসঙ্গে বলেন, গাজীপুরকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও সুপেয় পানির সরবরাহ জোরদারে কাজ চলছে। নাগরিক সুবিধা বাড়াতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
প্রধান আলোচক গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে প্রশাসন ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনের আহ্বানও জানান তিনি।
সভাপতির বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, রাজনীতিতে দীর্ঘস্থায়ী সম্মান অর্জন করতে হলে সততা ও নৈতিকতার বিকল্প নেই। যশ-খ্যাতির পথ বেছে নিলে অর্থের লোভ ত্যাগ করতে হবে—এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় দেশটির প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানান।
অনুষ্ঠানে মহানগর ও থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফাউন্ডেশন পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. নাজিম উদ্দীন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন শাহীন, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর কৃষক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এইচএম ইমরান রেজা, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান মিরন, মহানগর কৃষক দলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম নিপু প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


