হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় কমেডিয়ান জন প্রকাশ রাও জানুমালা। সিনেমাপ্রেমীরা যাকে জনি লিভার নামেই চেনেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। পর্দায় তার হাস্যরস কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছে।

ক্যারিয়ারে সাফল্য পেলেও নানারকম উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছেন জনি লিভার। এমনও সময় পার করেছেন, যখন হাতে কোনো কাজ থাকত না। এক যুগের বেশি সময় প্রায় কাজ শূন্য কাটিয়েছেন। ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন জনি লিভার।
শাহরুখ খান ও কাজল অভিনীত আলোচিত সিনেমা ‘বাজিগর’। সিনেমাটিতে ‘বাবুলাল’ চরিত্রে অভিনয় করেন জনি লিভার। ১৯৯৩ সালের শেষের দিকে মুক্তি পায় এই সিনেমা। জনি লিভারের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলা হয় ‘বাজিগর’ সিনেমাকে।
এ বিষয়ে জনি লিভার বলেন, “বাজিগর’ সিনেমায় যে হাস্যরস দর্শকরা দেখেছেন, তার বেশিরভাগই শুটিংয়ের সময় তাৎক্ষণিকভাবে তৈরি করা হয়েছিল। এমনকি, ডাবিংয়ের সময়ও আমার হাতে কোনো লিখিত সংলাপ ছিল না। সিনেমাটি আমাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। ১৯৯২ সালের পর আর কখনো পেছন ফিরে তাকাতে হয়নি। তখন খুব কম সিনেমা নির্মিত হয়েছে, যাতে আমাকে নেওয়া হতো না। ২০০০ সাল পর্যন্ত আমার এই যাত্রা অবিশ্বাস্য ছিল।”
ভীষণ ব্যস্ত সময় কাটানোর স্মৃতিচারণ করে জনি লিভার বলেন, “কখনো কখনো একদিনে পাঁচটি সিনেমার শুটিং করতাম। গোবিন্দরও একই অবস্থা ছিল। আমরা যন্ত্রের মতো প্রতিদিন ১৪-১৫ ঘণ্টা কাজ করতাম। কাজ শেষ হলে সেটেই ঘুমিয়ে পড়তাম। কারণ কয়েক ঘণ্টা পরই আবার অন্য সেটে হাজির হওয়ার শিডিউল থাকত। অনেক সময়, এই রুটিন এত দীর্ঘ হতো যে, বাড়ি ফেরার পর সন্তানেরাও আমাকে চিনতে পারত না।”
ক্যারিয়ারের শীর্ষে অবস্থান করার পরও কাজের সংকটে পড়েছিলেন জনি লিভার। সেই কঠিন সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, “প্রায় দশ বছর শীর্ষ অবস্থানে থাকার পর ২০০০ সালে সবকিছু বদলে যায়। হঠাৎ করেই কাজ পাওয়া বন্ধ হয়ে যায়। এই পতন ছিল একেবারেই আকস্মিক। এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে প্রায় ১৩ বছর পার করেছি। এই ১৩ বছরে মাত্র চার-পাঁচটি সিনেমায় কাজ করেছি। তবে এই কঠিন সময়েও কখনো হতাশ হইনি, নিজের পারিশ্রমিকও কমাইনি। অর্থের ক্ষেত্রে আপস করিনি। কারণ নিজেকে ছোট করতে চাইনি। এই সংকটের অবসান ঘটে ২০১৫ সালে। ‘অল দ্য বেস্ট’ ও ‘গোলমাল’ সিরিজের সিনেমা দিয়ে আমার প্রত্যাবর্তন ঘটে।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আটষট্টি বছরের জনি লিভার এখনো অভিনয়ে বেশ সরব। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাউজফুল ফাইভ’। গত বছর মুক্তি পায় এটি। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অক্ষয় কুমার। শুক্রবার (২৬ জুন) সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



