Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মানুষের কাছে কংগ্রেসের ‘স্বরূপ’ তুলে ধরার জন্য ৯ মিনিট ৫৯ সেকেন্ডের একটি ভিডিও প্রচার করবে বিজেপি। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে ঐতিহাসিক ভুলের সংশোধন করা হয়েছে বলে সেই ভিডিও প্রচার করার পরিকল্পনা বিজেপির।

জানা গেছে, ভিডিওতে বার্তা থাকছে, কাশ্মীরে ৩৭০ ধারার প্রবর্তন ছিল ঐতিহাসিক ভুল, যা সংশোধন করে অগণিত মানুষের স্বপ্ন পূরণ করেছে বিজেপি। ভিডিওতে যদিও সরাসরি কংগ্রেসের নাম উচ্চারণ করা হয়নি। তবে তার বিষয়বস্তুতে কংগ্রেসের বিরুদ্ধে নিশানা স্পষ্ট।

গত বুধবার বিজেপি সদর দপ্তরে ওই ভিডিও প্রকাশ করেন বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা। বিজেপির মিডিয়া সেলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সেই ভিডিও ব্যাপকহারে প্রচার করার পরিকল্পনা রয়েছে।

ভিডিওটি শুরু হয় স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতার অংশ দিয়ে। যেখানে মোদি বলেছেন, ৩৭০ ধারা, ৩৫এ যদি এতই গুরুত্বপূর্ণ, তা হলে ৭০ বছর ধরে ক্ষমতায় থাকা সত্ত্বেও আপনারা তা স্থায়ী করেননি কেন? এর অর্থ, আপনারাও জানতেন, যা করা হয়েছে, তা ঠিক হয়নি। কিন্তু তা শোধরানোর সাহস আপনাদের ছিল না।

নরেন্দ্র মোদির ভাষণের ওই অংশে কোথাও কংগ্রেসের নাম উচ্চারণ করা হয়নি। ভিডিওতে স্থান পেয়েছেন সর্দার বল্লভ ভাই প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দেখানো হয়েছে তাদের বক্তৃতার অংশও। সেখানে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে বলতে শোনা যায়, যে সিদ্ধান্তে দেশের ভালো হয় না, তা আমাদের বুঝে চলতে হবে। যে সুযোগ আমরা পেয়েছি, তা ভুলে গেলে চলবে না।

ভিডিওতে দাবি করা হয়, রাজা হরি সিংয়ের হাতে থাকা জম্মু-কাশ্মীরকে স্বাধীন ভারতের সঙ্গে একত্রিত করার দায়িত্ব ছিল দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ওপর। ২৬ অক্টোবর ১৯৪৭ মহারাজা হরি সিং লিখিতভাবে সম্মতি দেন, তার সাম্রাজ্যকে ভারতের সঙ্গে একত্রিত করা হোক। ভিডিওতে বিজেপির দাবি, মহারাজা হরি সিং কোনো শর্ত রাখেননি, তা সত্ত্বেও নেহরু ১৯৪৯ সালের ১৭ অক্টোবর ৩৭০ অনুচ্ছেদকে আইন হিসেবে মান্যতা দেন এবং জম্মু-কাশ্মীরে তা বলবৎ করেন। এটাকেই ‘ঐতিহাসিক ভুল’ বলছে বিজেপি। তাদের দাবি, সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরও এই ৩৭০ ধারার বিরোধিতা করেন।

অটল বিহারী বাজপেয়ীকে ভিডিওতে বলতে শোনা যায়, আমাকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন, সকলকে গিয়ে বলো, আমি কাশ্মীরে প্রবেশ করেছি, বিনা পারমিটে। তার কিছুদিনের মধ্যেই সরকারি হাসপাতালে নজরবন্দি থাকা অবস্থায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। এর পর আমার মনে হয়েছিল তার অসম্পূর্ণ কাজ আমাকে সম্পূর্ণ করতে হবে।

সংসদে অমিত শাহের ভাষণের অংশও রয়েছে ভিডিওতে, যেখানে তিনি বলেছেন, এই ৩৭০ ধারার জন্যই কাশ্মীরের উন্নতি হয়নি।

ভিডিও শেষ হয়েছে মোদির ভাষণ দিয়ে, যেখানে তিনি বলেন, যে স্বপ্ন সর্দার বল্লভ ভাই প্যাটেল, বাবা সাহেব আম্বেদকর, শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়, অটলজির ছিল, সেই স্বপ্ন আজ পূর্ণ হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.