তীব্র শীতের কবল থেকে দেশের মানুষ কিছুটা স্বস্তিতে ফিরলেও এখনো শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা অব্যাহত রয়েছে। বর্তমানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। তবে চলতি ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা আবারও ৮ ডিগ্রির ঘরে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এ মাসে বজ্র ও শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। তবে এ মাসে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। এ সময় দেশের নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে মাসের শেষের দিকে অন্তত দুই দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টি হতে পারে। তবে পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন, আগামীকাল সোমবার সকাল ৬ টার দেশের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে শৈত্যপ্রবাহ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দেশের অন্য ৫ টি বিভাগের সকাল বেলার তাপমাত্রাও নেমে যাওয়ার আশংকা করা যাচ্ছে।
আজ রোববার থেকে আবারও বাংলাদেশের কুয়াশার প্রভাব বৃদ্ধি পাওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে। আগামীকাল সোমবার সকাল ১১ টার পূর্বে সুনামগন্জ, কিশোরগন্জ, নেত্রকোনা জেলার উপরে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত অনেক কম।


