এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাসের পর নতুন এক জীবন নিয়ে ফিরে এসেছেন। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি প্রায় ১১ মাস কারাগারে ছিলেন। পরে গত ১৮ মার্চ তিনি মুক্তি পান।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি নিজের কারাজীবনের অভিজ্ঞতা ও মানসিক পরিবর্তনের কথা তুলে ধরেন।
সিদ্দিকুর রহমান জানান, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর তিনি টানা ১০ মাস ২২ দিন কারাভোগ করেন। এই সময়টিকে তিনি কেবল শাস্তি হিসেবে না দেখে আত্মশুদ্ধির সুযোগ হিসেবে নিয়েছেন বলে জানান।
তার ভাষায়, কারাগারে পর্যাপ্ত সময় থাকায় তিনি নিজের জীবন নিয়ে গভীরভাবে ভাবার সুযোগ পান। আগে ধর্মীয় অনুশীলনে নিয়মিত না থাকলেও সেখানে তিনি নিয়মিত কোরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুরু করেন। তিনি বলেন, এই পরিবর্তন তার জীবনে আধ্যাত্মিক রূপান্তর এনেছে।
কারাগারের দেয়ালে লেখা “রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ”—এই বাক্যটি তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে বলেও জানান তিনি। তার মতে, কারা কর্তৃপক্ষ তাকে শারীরিকভাবে নিরাপদ রেখেছে, আর তিনি নিজেই মানসিকভাবে পরিবর্তনের পথ খুঁজে পেয়েছেন।
কারাবন্দি অবস্থায়ও তিনি সৃজনশীল কাজ থামাননি। সেখানে বসেই তিনি ১৫টি নাটক ও ৩টি চলচ্চিত্রের গল্প লিখেছেন এবং নিজের কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বইও রচনা করেছেন।
মুক্তির পরও তিনি পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে সময় নিচ্ছেন বলে জানান। শারীরিক ও মানসিকভাবে এখনো তিনি কারাজীবনের অভ্যাস থেকে বের হয়ে আসার চেষ্টা করছেন। বর্তমানে তিনি পরিবারকে সময় দিচ্ছেন এবং লেখা গল্পগুলো নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


