সংযুক্ত আরব আমিরাতে চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভুয়া ও বিভ্রান্তিকর’ কনটেন্ট প্রকাশের দায়ে ১৯ জন ভারতীয়সহ মোট ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। জাতীয় নিরাপত্তা রক্ষায় এবং গুজব ছড়ানো রোধ করতে ডিজিটাল পরিসরে নিবিড় নজরদারির অংশ হিসেবে এ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস।

আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি এক বিবৃতিতে জানিয়েছেন, সংঘাতময় পরিস্থিতিতে অনলাইনে যেন কোনো ধরনের ভুয়া খবর প্রচার না হয়, সেজন্য গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রশাসনের কড়া নজরদারি অব্যাহত ছিল। এ নজরদারির ভিত্তিতে দুই দফায় এসব গ্রেপ্তারি আদেশ জারি করা হয়। প্রথম দফায় শনিবার ১০ জনকে এবং পরবর্তীতে দ্বিতীয় দফায় আরও ২৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। এ ৩৫ জনের মধ্যে মোট ১৯ জনই ভারতীয় নাগরিক।
বিবৃতিতে আরও জানানো হয়, তদন্তের মাধ্যমে অভিযুক্তদের কর্মকাণ্ড বিশ্লেষণ করে তাদের মূলত তিনটি ভাগে চিহ্নিত করা হয়েছে। প্রথম দলটি এমন কিছু বাস্তব ঘটনার ভিডিও অনলাইনে প্রচার করেছে, যা দেশের নিরাপত্তাকে সরাসরি প্রশ্নের মুখে ফেলতে পারে। দ্বিতীয় দলটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ ভুয়া ফুটেজ তৈরি করে তা ছড়িয়ে দিয়েছে। অন্যদিকে, তৃতীয় দলটি অনলাইনে শত্রুপক্ষের গুণগান করে বিভিন্ন তথ্য প্রচার করেছে।
আমিরাত প্রশাসনের মতে, তাদের এসব কার্যক্রম সাধারণ মানুষকে ভুল পথে চালিত করার পাশাপাশি অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে পারে। আটককৃতদের দ্রুত বিচার প্রক্রিয়ার আওতায় আনা হবে এবং দোষ প্রমাণিত হলে তাদের এক বছরের কারাদণ্ড ও জরিমানার মুখোমুখি হতে হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আরব আমিরাতে নতুন করে হামলার মাত্রা বৃদ্ধি পাওয়ার পরে এ ধরপাকড়ের ঘটনা এমন এক সময়ে ঘটল। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার (১৫ মার্চ) থেকে ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির এ অবনতির কারণেই মূলত অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর কঠোর অবস্থান নিয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


