প্রায় ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নতুন অগ্রগতি দেখা দিয়েছে। এই মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর বিরুদ্ধে নিম্ন আদালতে অভিযোগ গঠনের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা চ্যালেঞ্জ করেই তিনি এই আবেদন করেছেন।

অভিযোগ অনুযায়ী, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে একাধিক দামী উপহার গ্রহণের ঘটনায় জ্যাকুলিনের সম্পৃক্ততা রয়েছে। মামলাটি বর্তমানে ভারতের আর্থিক অপরাধ তদন্ত সংস্থার তদন্তাধীন।
এর আগে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত শর্মা ৩০ মে এক নির্দেশে জ্যাকুলিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের অনুমতি দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, তদন্ত সংস্থার জমা দেওয়া তথ্য ও নথির ভিত্তিতে প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিত্তি রয়েছে বলে প্রতীয়মান হয়।
আদালত আরও জানায়, এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যা থেকে ধারণা করা যায় তিনি অপরাধলব্ধ অর্থের সুবিধা নিয়েছিলেন এবং সেই অর্থের উৎস সম্পর্কে তিনি অবগত ছিলেন।
এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই জ্যাকুলিন ফার্নান্দেজ সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন। মঙ্গলবার তাঁর আইনজীবী জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান। পরে বিচারপতি পি কে মিশ্র এবং বিচারপতি এ এস চন্দ্রকরের বেঞ্চ মামলাটি শুনতে সম্মতি দেয়।
আদালত জানিয়েছে, আগামী ১১ জুন এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



