নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৯টি আসনের ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তবে ৩০০ আসনের মধ্যে একটি আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।
নির্বাচন কমিশনার জানান, দেশের ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রের মধ্যে যেগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, সেগুলোতে নিরাপত্তা জোরদার এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য আগেই সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও তিনি ৯০ শতাংশের বেশি কেন্দ্রে ক্যামেরা স্থাপনের কথা বলেছেন, ঠিক কতটি কেন্দ্রে ক্যামেরা বসানো হয়েছে—তার সুনির্দিষ্ট সংখ্যা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। এ বিষয়ে বিস্তারিত তথ্য বুধবার জানানো হবে বলে জানান তিনি।
সানাউল্লাহ আরও বলেন, শুধু সিসি ক্যামেরাই নয়, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কেন্দ্রে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাও ব্যবহার করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


