মুক্তির মাত্র দুই দিনের মধ্যেই দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে অভিনেত্রী ফারিন খান অভিনীত একক নাটক ‘তোমার আমার প্রেম’। সিএমভি ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটি ইতোমধ্যে অর্ধকোটির বেশি ভিউ অর্জন করেছে। পাশাপাশি মন্তব্যের ঘরজুড়ে নাটকটির গল্প, অভিনয় ও নির্মাণশৈলীর প্রশংসা করছেন দর্শকরা।

পারিবারিক আবহে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন। নাটকের গল্প আবর্তিত হয়েছে ‘খন্দকার বাড়ি’ নামে পরিচিত একটি সম্ভ্রান্ত পরিবারকে ঘিরে। পরিবারের পুরোনো ঐতিহ্য ও স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকা বৃদ্ধা নূরজাহান বেগমের জীবন এবং তাঁকে কেন্দ্র করে এগিয়ে যায় কাহিনি।
নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন অর্ক মোস্তফা। এতে ফারিন খানের পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী এবং সুদীপ্ত।
নাটকটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে ফারিন খান বলেন, বর্তমানে প্রেম, থ্রিলার কিংবা জীবনসংগ্রামভিত্তিক নানা ধরনের গল্প নিয়ে নাটক নির্মিত হচ্ছে। তবে দর্শকদের কাছে পারিবারিক সম্পর্ক, আবেগ ও টানাপোড়েনের গল্পের আবেদন এখনও অটুট। সেই কারণেই নির্মাতারা একক নাটকেও পারিবারিক গল্পকে গুরুত্ব দিচ্ছেন।
তিনি আরও বলেন, ‘তোমার আমার প্রেম’ এমন একটি গল্প, যেখানে পরিবারের সম্পর্ক, আবেগ ও মানবিকতার বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। নাটকটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মুক্তির পর থেকেই ইউটিউবে নাটকটি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। দর্শকদের অনেকে মন্তব্যে পারিবারিক মূল্যবোধ, আবেগঘন উপস্থাপনা এবং শিল্পীদের অভিনয়ের প্রশংসা করেছেন। দ্রুত জনপ্রিয়তা পাওয়া এই নাটকটি বর্তমানে অনলাইন দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



