বলিউডের জনপ্রিয় অভিনেতা ববি দেওল। অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। শুটিং সেটে অম্ল-মধুর অনেক ঘটনাও ঘটেছে। আর এসব ঘটনাকে কেন্দ্র করে নানা ধরনের রটনা রটেছে। জনপ্রিয় ৩ নায়িকার সঙ্গে ঘটা বেশ কিছু মজার ঘটনা জানিয়েছেন ববি দেওল।

ববি দেওল অভিনীত প্রথম সিনেমা ‘বারসাত’। এতে তার বিপরীতে অভিনয় করেন টুইঙ্কেল খান্না। সিনেমাটির শুটিং সেটে প্রায়ই নায়িকার সঙ্গে ঝগড়া করতেন ববি। এ বিষয়ে তিনি বলেন, “আমরা তখন খুবই তরুণ এবং অনভিজ্ঞ। দুঃখিত, ছোটবেলা থেকে আমার পেটে সমস্যা। আমি সেটে গিয়ে সবসময় এটা নিয়ে কথা বলতাম। যেমন: আজ ওয়াশরুমে গিয়ছিলাম কি না, সবকিছু কেমন চলছে ইত্যাদি। আমার এই অভ্যাসে টুইঙ্কেল খান্না খুব বিরক্ত হতো। ব্যাপারটা চরমে পৌঁছায়, যখন টুইঙ্কেল তার প্রথম সাক্ষাৎকারে আমার এসব সমস্যার কথা উল্লেখ করে। আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন করে বলি—‘সাক্ষাৎকারে এসব কথা কীভাবে বলতে পারো?’ তবে এটা শুধু ছেলেমানুষি ছিল।”
‘বিচ্ছু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন রানী-ববি। এ সিনেমার শুটিং সেটে রানীর উচ্চতা নিয়ে ঠাট্টা করে তাকে ‘দেড় ফুটিয়া’ বলে ডাকতেন ববি। এ নিয়ে জানতে চাইলে ববি বলেন, “রানী আমার খুব ভালো বন্ধু, আর আমাদের বন্ধুত্বটা এই সিনেমার শুটিং সেটেই শুরু হয়েছিল। আসলে একটা গানের শুটিংয়ের সময় আমরা একটা নৌকায় ছিলাম। খুব জোরে হাওয়া বইছিল। তাই রানী বলল যে, সে অন্যদিকে মুখ করে দাঁড়াবে, যাতে তার চুল মুখে না পড়ে। কিন্তু এটা করতে গিয়ে রানীর চুল আমার মুখের ওপর এসে পড়ে। আমি ওকে একপাশে সরে দাঁড়াতে বললাম, যাতে আমাদের দু’জনের চুলই একই দিকে ওড়ে। আমরা কেউই হার মানতে রাজি ছিলাম না, আর আমাদের মধ্যে ঝগড়া লেগে গেল।”
ঝগড়া থেকে রানীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ববির। তা জানিয়ে এই অভিনেতা বলেন, “আশ্চর্যের বিষয় হলো—ওই ঝগড়ার পরই আমাদের মধ্যে এতটাই সখ্যতা গড়ে উঠল যে, আমরা ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেলাম। এরপর থেকে ও প্রতিদিন বাড়ি থেকে আমার জন্য মজাদার খাবার নিয়ে আসত।”
১৯৯৭ সালে মুক্তি পায় সুপারহিট সিনেমা ‘গুপ্ত: দ্য হিডেন ট্রুথ’। গুঞ্জন ছিল, মনীষা কৈরালার মুখের দুর্গন্ধের কারণে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে রাজি হননি ববি। শুটিং সেটে ঠিক কী ঘটেছিল, তা নিয়েও কথা বলেছেন। ববি দেওল বলেন, “হ্যাঁ, ঘটনাটি আমার মনে আছে। শুটিংয়ের সময় খুব ঠান্ডা ছিল, আর একজন ভাজা ছোলা বিক্রি করছিল, যা মনীষা খুব আনন্দের সঙ্গে খাচ্ছিল। ঠিক তার পরেই একটি দৃশ্য ছিল যেখানে ওকে আমার ঠোঁটে কামড় দিতে হবে। ওর মুখ থেকে পেঁয়াজের তীব্র গন্ধ আসছিল, ফলে আমি কোনো অভিব্যক্তি প্রকাশ করতে পারছিলাম না।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আরেকটি ঘটনাও জানান ববি দেওল। তিনি বলেন, “এরপর আমাদের কলেজের ভেতরে একটি দৃশ্যের শুটিং ছিল; যেখানে নতুন একটি ছেলে আমাকে মারতে যাচ্ছিল। আমি নতুন অভিনেতাটিকে তার অভিনয়ে বাস্তবতা আনার জন্য প্রচুর পেঁয়াজ খেতে বলেছিলাম। আমি ওকে অনেক পেঁয়াজ খাইয়ে মনীষার সামনে শুটিং করতে পাঠিয়ে দিলাম। কিন্তু মনীষার মুখের ভাব একটুও বদলায়নি। ওই বয়সে একটু সরল থাকে, তাই এই ধরনের দুষ্টুমিও হয়ে থাকে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



