কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় টানা প্রায় ৩০ ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২৫ মে) দুপুর থেকে মঙ্গলবার (২৬ মে) রাত ৮টা পর্যন্ত কার্যত অচল হয়ে পড়ে দুই উপজেলার বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা।

বিদ্যুৎ না থাকায় বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির নেটওয়ার্ক সেবাও বন্ধ হয়ে যায়। ফলে পরিবার-স্বজন ও জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে না পেরে দুর্ভোগে পড়েন মানুষজন। কোথাও কোথাও একটি-দুটি অপারেটরের দুর্বল নেটওয়ার্ক পাওয়া গেলেও অধিকাংশ এলাকায় মোবাইল সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একই সঙ্গে বন্ধ হয়ে যায় ওয়াইফাই ও ইন্টারনেট সেবা।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, গত কয়েকদিন ধরেই দিনে-রাতে মিলিয়ে মাত্র এক ঘণ্টার মতো বিদ্যুৎ পাচ্ছি। সেটাও আবার বারবার চলে যায়। অথচ মাস শেষে অতিরিক্ত বিল গুনতে হচ্ছে।
রৌমারীর যাদুরচরের বাসিন্দা সামিউল ইসলাম বলেন, বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে গেছে। অনলাইনে ঢুকতে পারছি না, কারও সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না।
বিদ্যুৎ সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ব্যাটারিচালিত যানবাহনচালকরা। অটোভ্যানচালক আব্দুল বাকি মিয়া বলেন, কারেন্ট না থাকায় ব্যাটারি চার্জ দিতে পারছি না। গাড়ি নিয়ে বের হতে পারছি না। সামনে ঈদ, এই সময়ে আয়-রোজগার করার কথা, কিন্তু এখন হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে।
রাজিবপুর বাজারের কাপড় ব্যবসায়ী মো. শাহীন মাহমুদ জানান, ঈদকে সামনে রেখে ক্রেতারা কেনাকাটা করতে এলেও বিদ্যুৎ না থাকায় অন্ধকারে পণ্য দেখতে পারছেন না। এতে ব্যবসায় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
একই বাজারের মিষ্টি ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎ নেই, সামনে ঈদ। মিষ্টি তৈরি করতে হবে। বাধ্য হয়ে কুপিবাতি জ্বালিয়ে কাজ করছি।
শুধু রৌমারী-রাজিবপুর নয়, সোমবার রাত থেকে কুড়িগ্রামের বিভিন্ন এলাকাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাট চলছে। এতে শিক্ষা, ব্যবসা ও দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ বিষয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. দেলোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৭টার দিকে মেইন লাইন চালু হয়েছে। আশা করছি, রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



