মার্কিন টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘মাই ৬০০ এলবি লাইফ’-এর পরিচিত মুখ ডলি মার্টিনেজ আর নেই। গত ১১ এপ্রিল তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বোন লিন্ডসে কুপার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকে দেওয়া এক আবেগঘন বার্তায় লিন্ডসে কুপার জানান, তার বোন ছিলেন অত্যন্ত প্রাণবন্ত ও স্নেহশীল মানুষ। তার হাসি, মমতা ও আন্তরিকতায় চারপাশের পরিবেশ উজ্জ্বল হয়ে উঠত।
তিনি আরও লেখেন, ডলির চলে যাওয়া তাদের পরিবারের জন্য গভীর শোকের। তবে তিনি বিশ্বাস করেন, ডলি এখন তাদের প্রয়াত বাবার সঙ্গে শান্তিতে আছেন। ভালোবাসা ও স্মৃতির মধ্যে দিয়েই ডলি সবার হৃদয়ে বেঁচে থাকবেন।
এর আগে ডলি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তার জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন লিন্ডসে। কিন্তু কয়েকদিনের মধ্যেই তার মৃত্যুর খবর জানাতে হয়।
উল্লেখ্য, ‘মাই ৬০০ এলবি লাইফ’ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ডলি মার্টিনেজ পরিচিতি লাভ করেন। এই অনুষ্ঠানে অতিরিক্ত ওজনের মানুষের ওজন কমানোর সংগ্রাম ও চিকিৎসার বিভিন্ন ধাপ তুলে ধরা হয়।
২০২১ সালের একটি পর্বে দেখা যায়, তার ওজন প্রায় ৫৯৩ পাউন্ড ছিল এবং তিনি অতিরিক্ত অক্সিজেনের ওপর নির্ভরশীল ছিলেন। চিকিৎসকের পরামর্শে পরে তিনি হিউস্টনে চলে যান। অনুষ্ঠান চলাকালে তিনি প্রায় ৪০ পাউন্ড ওজন কমাতে সক্ষম হলেও অস্ত্রোপচারের অনুমতি পাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


