ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের নিরাপত্তা ও ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নির্বাচনে প্রায় নয় লাখ সদস্য দায়িত্ব পালন করবেন এবং প্রায় ৪৩ হাজার ভোট কেন্দ্রে ২৫ হাজার ৭০০টি বডি ওর্ন ক্যামেরা স্থাপন করা হচ্ছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম জানান, সারাদেশে এক লাখ ৮ হাজার ৮৮৫ জন সামরিক সদস্য দায়িত্বে থাকবেন। এছাড়া বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন, তিন হাজারের বেশি কোস্টগার্ড সদস্য এবং পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৬ জন আনসার সদস্য রবিবার থেকে দায়িত্ব পালন শুরু করবেন। ১১ ফেব্রুয়ারি (বুধবার) থেকে এক লাখ ৫৭ হাজার পুলিশ সদস্য এবং র্যাবের নির্দিষ্ট সংখ্যক সদস্য ২৯৯টি নির্বাচনী আসনে দায়িত্ব পালন শুরু করবেন।
প্রেস সচিব আরও জানান, পোস্টাল ভোটে চার লাখ ২২ হাজার ৯৬০ জনের ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে। এদিকে, বিদেশ থেকে পোস্টাল ব্যালট দেয়ার মধ্যে ৯৪ শতাংশ ভোটার পুরুষ।
নির্বাচনে পর্যবেক্ষকের ভূমিকাও শক্তিশালী হবে। প্রায় চারশ বিদেশি পর্যবেক্ষক, প্রায় ৫০ হাজার দেশি পর্যবেক্ষক এবং ১২০ জন বিদেশি সাংবাদিক দায়িত্ব পালন করবেন।
তবে নির্বাচনের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন সুরক্ষা অ্যাপ পুরোপুরি চালু হয়েছে। নির্বাচনি কর্মকর্তা ও সুরক্ষা বাহিনী এই অ্যাপের মাধ্যমে ভোটের সময় আইনশৃঙ্খলার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


