একসময় মাসে ৪৫টি সিনেমায় অভিনয় করেছেন। প্রায় ৭০০ চলচ্চিত্রে খল চরিত্রে পর্দা কাঁপানো সেই ইলিয়াস কোবরা এখন রুপালি দুনিয়ার কোলাহল ছেড়ে টেকনাফের গ্রামীণ জীবনেই খুঁজে পেয়েছেন প্রশান্তি। পানের বরজ, পেঁপের চাষ, গরুর খামার আর সামাজিক কাজ নিয়েই কাটছে তার বর্তমান সময়।

বাংলা চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা ইলিয়াস কোবরা আশির দশকে ‘মারকশা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। নায়ক রুবেলের সহযোগিতা এবং সোহেল রানার হাত ধরে শুরু হওয়া সেই যাত্রায় ছবিটিতে তিনি ‘কোবরা’ চরিত্রে অভিনয় করেন। এরপর থেকেই ‘ইলিয়াস কোবরা’ নামেই পরিচিত হয়ে ওঠেন তিনি।
মার্শাল আর্টভিত্তিক সিনেমায় তার উপস্থিতি ছিল নিয়মিত। একসময় চলচ্চিত্রে এতটাই ব্যস্ত ছিলেন যে মাসে ৪৫টি সিনেমায়ও কাজ করেছেন বলে জানান এই অভিনেতা।
ইলিয়াস কোবরা বলেন, “এমনও সময় গেছে, মাসে ৪৫টি সিনেমায় কাজ করেছি। যত সিনেমা হতো, সবখানেই আমি থাকতাম। এভাবে প্রায় ৭০০ সিনেমায় অভিনয় করেছি। কিন্তু তখন কোনো সঞ্চয় করিনি। সেই সময় ভুলেও মাথায় আসেনি, একদিন সিনেমা হল থাকবে না, সিনেমাও হবে না।”
চলচ্চিত্র নির্মাণ কমে যাওয়ার পর ধীরে ধীরে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। কয়েক বছর আগে তাবলিগে যুক্ত হয়ে ফিরে যান কক্সবাজারের টেকনাফে। বর্তমানে সেখানকার নোয়াখালীপাড়া গ্রামেই বসবাস করছেন।
পারিবারিক জীবন নিয়েও সন্তুষ্ট ইলিয়াস কোবরা। তিনি জানান, তার তিন সন্তানের একজন প্রকৌশলী, একজন একটি ল–ফার্মে চাকরি করেন এবং আরেকজন ব্যবসা করেন।
নিজের নামে এলাকায় একটি বাজারও রয়েছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে তার ভাষ্য, “গ্রামে ফিরে স্থানীয় মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছি। পাশাপাশি পানের বরজ ও পেঁপের চাষ করি। গরুর খামার আছে, হালচাষও করি। পাহাড়ি এলাকায় বাস করি বলে সামাজিক বিভিন্ন কাজেও সময় দিই। বয়স সত্তরের কাছাকাছি হলেও এখনো পুরোপুরি সুস্থ আছি।”
জীবনের এই অধ্যায়ে এসে আধ্যাত্মিক চর্চাতেই সবচেয়ে বেশি স্বস্তি খুঁজে পান বলে জানান এই অভিনেতা। তিনি বলেন, “সবাইকেই একদিন চলে যেতে হবে। তাই জীবনের এই সময়টা পরকালের জন্য প্রস্তুতি নিয়েই কাটানোর চেষ্টা করছি। তাবলীগ করি, হজ পালন করেছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। এখন এগুলোতেই শান্তি পাই। আগে অনেক ভুল করেছি, এখন আফসোস লাগে। আমি সবাইকে বলব, কেউ যেন সেই ভুল না করে। কারণ, আজ হোক বা কাল, আমরা কেউই চিরদিন এই দুনিয়ায় থাকব না।”
যদিও অভিনয় থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন, তবু চলচ্চিত্রাঙ্গনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আরমান–মুক্তি প্যানেল থেকে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এ উপলক্ষে টেকনাফ থেকে ঢাকায় এসেছেন ইলিয়াস কোবরা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
নির্বাচনে অংশ নেওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, “শিল্পীদের খেদমত করতে চাই, তাই নির্বাচন করছি।”
সূত্র ও ছবি : রাইজিংবিডি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



