ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, বাংলাদেশের ৯২ শতাংশ মুসলমানকে কুরআনের শিক্ষার আলোকে দেশ পরিচালনার সুযোগ দেওয়া উচিত। তিনি বলেন, স্বাধীনতা অর্জনের পরবর্তী ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তারা দুর্নীতি ও কেলেঙ্কারি ছড়িয়ে দেশকে কলঙ্কিত করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী নেছার আহমাদ আন-নাছিরীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
রেজাউল করীম আরও বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যে জোট তৈরি হয়েছে, তারা কুরআন ও ইসলামের নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। একমাত্র ইসলামী আন্দোলনই পরিষ্কার করেছে, তাদের লক্ষ্য কেবল কুরআন-ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা। যদি তারা ক্ষমতায় আসে, তবে মুসলমানসহ দেশের সকল সম্প্রদায়ের জন্য স্বাধীনতা ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা নিশ্চিত হবে।
তিনি বলেন, “আমরা প্রথমে পাঁচটি দল নিয়ে সমঝোতায় কাজ করছিলাম, যাতে ইসলামের পক্ষে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়। পরে জামায়াত ও কয়েকটি দল এতে যোগ দেয়। তবে তারা ক্ষমতার লোভে ইসলামের নীতি সরিয়ে, প্রচলিত গণতন্ত্রের নিয়মে রাষ্ট্র পরিচালনা করতে চাইল। সেজন্য আমরা ইসলামের পক্ষের ভোট আলাদা করার জন্য সারাদেশের ২৫৮টি আসনে ‘হাতপাখা’ প্রতীক নিয়ে নির্বাচন করছি।”
জনসভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি রেজাউল করীম আবরার, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী গাজী নিয়াজুল করীম, প্রচার ও দাওয়াহ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আনোয়ার আহমদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচন কমিটির সভাপতি আব্দুল হামিদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


