কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে জাইমা রহমানের আপত্তিকর ছবি তৈরি করে কুরুচিপূর্ণ মন্তব্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাকিল আহমেদ (২৪) নামে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার (২২ এপ্রিল) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাকিল আহমেদ ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং স্থানীয় ভাউলাগঞ্জ এলাকার মোঃ বুলবুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এআই ব্যবহার করে তৈরি করা জাইমা রহমানের একটি ছবি পোস্ট করেন। ছবিটির ক্যাপশনে তারেক রহমানকে উদ্দেশ্য করে নানা ধরনের আপত্তিকর কথা লেখেন শাকিল।
পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অভিযোগের সত্যতা পেয়ে বুধবার বিকেলে ভাউলাগঞ্জ বাজারে অভিযান চালিয়ে শাকিলকে আটক করে পুলিশ। এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ফেসবুক পোস্টটির সত্যতা যাচাই করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত শাকিলের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


