বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপির হাজারো নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং বহু মানুষ পুলিশ হেফাজতে প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, কারাগারে থাকার সময় নিজের চোখের সামনেই চিকিৎসার অভাবে অনেক বন্দিকে মৃত্যুবরণ করতে দেখেছেন।

তিনি আরও দাবি করেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তবে চরম নির্যাতন ও চাপের মধ্যেও তিনি কোনো আপস করেননি। আমির খসরু বলেন, “এই আপসহীন নেতৃত্বের কারণেই আজ দেশের সংকটকালে সাধারণ মানুষ বিএনপির পাশে এসে দাঁড়িয়েছে।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাটে ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, দেশের যেখানেই যাচ্ছেন সেখানেই ধানের শীষের পক্ষে ব্যাপক গণসমর্থন ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও ধানের শীষের স্লোগানে অংশ নিচ্ছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। “১২ তারিখ রাতে নির্বাচনের ফলাফল নিয়ে ঘরে ফেরার আগ পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না,”—বলেন তিনি।
প্রতিপক্ষ দল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আমির খসরু বলেন, বর্তমানে বিএনপির প্রতিদ্বন্দ্বীরা প্রকাশ্যে নেই, তারা অদৃশ্যভাবে তৎপর। অভিযোগ করে তিনি বলেন, তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, মিথ্যাচার করছে, ধর্মকে ব্যবহার করছে এবং এনআইডি কার্ড ও মোবাইল নম্বর সংগ্রহ করে অর্থ দেওয়ার প্রলোভন দেখাচ্ছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, “শত্রু যখন চোখে দেখা যায় না, তখন আরও বেশি সচেতন থাকতে হয়।” একই সঙ্গে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হবে এবং বড় ব্যবধানে জয়ী হয়ে বিশ্ববাসীকে জানিয়ে দেবে—বাংলাদেশের জনগণ কোনো অদৃশ্য শক্তিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না।
বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন মিরসরাই আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন কমিশনার ও বিএনপি নেতা নজরুল ইসলাম লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিনসহ উপজেলা, পৌরসভা ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। জনসভায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


